২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফোনে আড়িপাতার বিধানের চ্যালেঞ্জ করে সরকারের বিরুদ্ধে হাইকোর্টের রুল নিশি

টেলিযোগাযোগ (সংশোধনী) আইন ২০০৬ এর অধীনে ফোনে আড়িপাতার বিধানটিকে চ্যালেঞ্জ করেছেন হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2006, 09:01 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

আইনটিকে কেন অসাংবিধানিক বলে ঘোষণা করা হবে না সে ব্যাপারে সরকারের প্রতি কারণ দর্শানোর আদেশ দিয়ে বৃহস্পতিবার একটি রুল নিশি জারি করেছেন আদালত।

বিচারপতি আওলাদ আলী ও বিচারপতি জিনাত আরার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ বৃহস্পতিবার একটি রিট আবেদনের শুনানি শেষে সংশ্লিষ্টদের তিন সপ্তাহের মধ্যে রুল নিশির জবাব দেওয়ার আদেশ জারি করেন।

রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ডাক ও টেলিযোগাযোগ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) জবাব প্রদান করতে বলা হয়েছে।

সরকার ১৬ ফেব্রুয়ারি গ্যাজেট প্রকাশ করে টেলিযোগাযোগ সংশোধনী আইন ২০০৬ কার্যকর করে এবং বিটিআরসি’র কোনও সংস্থাকে ফোনে আড়িপাতার ক্ষমতা অর্পন করে।

গত ১৫ মে মানবাধিকার সংগঠন অধিকারের ট্রেজারার ড. তাসনিম সিদ্দিকী এবং নিউ এজ’র সম্পাদক নূরুল কবির ওই আইনের ৯৭ এর এ, বি ও সি ধারায় সরকারি সংস্থাকে ফোনে কথা বলা রেকর্ড, প্রতিরোধ ও তথ্য সংগ্রহের ক্ষমতা প্রদানের বিষয়টি চ্যালেঞ্জ করে জনস্বার্থ আইনে একটি রিট আবেদন দায়ের করেন।

আবেদনকারীরা তাদের আর্জিতে বলেন, এ আইন সাধারণ মানুষের ব্যক্তিগত গোপনীয়তার ওপর সরকারি হস্তক্ষেপের একটি উপায়। এতে করে সংবিধানে ব্যক্তিস্বাধীনতা ও অধিকারের যে নিশ্চয়তা প্রদান করা হয়েছে তার ওপর হস্তক্ষেপ করা হবে।

তারা আরও জানান, এ আইন সরকার বিরোধী রাজনৈতিক দলের ওপর রাজনৈতিক অস্ত্র হিসেবে প্রয়োগ করবে। আবেদনকারীরা এ আইনকে তৎকালীন পাকিস্তান আমলের সামরিক শাসন ও বাংলাদেশের সামরিক শাসনের সাথে তুলনা করেন।

রিট আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ এবং তাকে সহযোগিতা করেন অ্যাড. আশিক আল জলিল এবং অ্যাড. আরাফাত আমিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল বাসেত।