বিশ্বকাপের ২১ টি ম্যাচে সন্ত্রাসী হামলার আশংকা
বিশ্বকাপ ফুটবল চলাকালীন সময়ে কমপক্ষে ২১ টি ম্যাচে সন্ত্রাসী হামলার আশংকা করছে জার্মানির ফেডারেল ক্রাইম অফিস (বিকেএ)। বুধবার স্থানীয় এক ম্যাগাজিনে এ সম্পর্কিত একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
বিকেএ’র একটি গোপন প্রতিবেদনের উদ্ধৃত করে স্থানীয় সাপ্তাহিক ম্যাগাজিন ‘স্টার্ন’ জানিয়েছে, বিশ্বকাপ চলাকালীন সময়ে ইসলামি জঙ্গীরা ভয়াবহ হামলা চালাতে পারে।
ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, ৯ জুন মিউনিখে জার্মানি এবং কোস্টারিকার মধ্যকার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ এবং ৯ জুলাই ফাইনাল ম্যাচেই হামলার আশংকাটা বেশি করা হচ্ছে। তাছাড়া বর্তমান বিশ্বে সন্ত্রাসবিরোধী ভূমিকার জন্য যুক্তরাষ্ট্রের ম্যাচগুলোও এই হুমকির মুখে রয়েছে।
২০০৩ সালে ইরাক অভিযানে যুক্তরাষ্ট্রের সহযোগী ইংল্যান্ড, স্পেন, পোল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ম্যাচেও হামলার আশংকা করছে বিকেএ।
বিকেএ’র একজন মুখপাত্র অবশ্য বিশ্বকাপ সম্পর্কে তাদের এই প্রতিবেদনকে গোপন বলতে নারাজ। বিকেএ যেহেতু নীতিগতভাবে অভ্যন্তরীন কোন বিষয়ে মন্তব্য করতে পারে না তাই মুখপাত্রও এরপর আর কোন মন্তব্য করা থেকে বিরত থাকেন।
জার্মানিতে সাম্প্রতিক সময়ে বড় ধরনের কোন জঙ্গী হামলার ঘটনা ঘটেনি। তবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান হামলার সাথে হামবুর্গভিত্তিক একটি দল জড়িত ছিল বলে ধারনা করা হয়।
