সাভারে স্যুয়েটার ফ্যাক্টরিতে শ্রমিক অসন্তোষ, সন্ত্রাসী হামলায় আহত ২৫, ৩ দিনের বন্ধ ঘোষণা
সাভারের জামগড়া এলাকার চীনের মালিকাধীন ইউনিভার্সেল স্যূয়েটার ফ্যাক্টরিতে মঙ্গলবার শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।
ফ্যাক্টরির প্রায় দুই হাজার শ্রমিক একত্রিত হয়ে ওভার টাইমের সুযোগ ও ভাতা বাড়ানো, প্রডাকশন রেট বাড়ানো এবং শুক্রবার সাপ্তাহিক ছুটির দাবি জানায়। কর্তৃপক্ষ শ্রমিকদের অসন্তোষের কারণে পূর্ব ঘোষণা ছাড়াই ফ্যাক্টরিতে তালা লাগিয়ে দেয়। প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ দেখালে ফ্যাক্টরি কর্তৃপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা-ধাওয়ায় কমপক্ষে ২৫ জন শ্রমিক আহত হয়।
পরে এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা আবারও বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের বাধার কারণে তা ছত্রভঙ্গ হয়ে যায়।
এ ব্যাপারে ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে জানায়, তিন দিনের জন্য ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শুক্রবার খোলা হবে।
এ ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফ্যাক্টরিতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
