২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলের ভূঞাপুরে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৩০ বছর পূর্তি পালিত

মৌলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৩০ বছর পূর্তি মঙ্গলবার পালিত হয়েছে। এ উপলক্ষে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশ টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর চর সংলগ্ন গোবিন্দাসীতে মঙ্গলবার মহাসমাবেশের আয়োজন করে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2006, 04:21 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

‘নদী বাঁচাও, দেশ বাঁচাও, বাঁচাও বাংলাদেশ’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল টাঙ্গাইলের ভূঞাপুর যমুনার চর গোবিন্দাসী। সকাল নয়টায় ভূঞাপুর ইব্রাহীম খাঁ কলেজ মাঠ থেকে একটি প্রতীকী লং মার্চ শুরু হয়ে ছয় কিলোমিটার দূরবর্তী গোবিন্দাসী চরে মহাসমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

সমাবেশে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, পাবনা, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানের লোকজন যোগ দেয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. জসিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন এনজিও বিষয়ক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ, জাতিসংঘের প্রাক্তন পানি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার ড. এসআই খান, মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. খলিলুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, মজলুম নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী দেশকে মরুকরণের বিরুদ্ধে ১৯৭৬ সালের ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ করেছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত ৫৪ টি বিভিন্ন নদীর উজানে বাঁধ দিয়ে ভারত আন্তঃনদী সংযোগ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশকে মরুভূমিতে রূপান্তরের চক্রান্ত শুরু করেছে।

বক্তারা আরও বলেন, বর্তমানে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ফারাক্কার চেয়েও অনেক বেশি ক্ষতিকর আন্তঃনদী সংযোগ প্রকল্প গ্রহণ করেছে। হিমালয় থেকে বয়ে আসা সকল নদ - নদীর গতিপথ পরিবর্তন করে উজানে পানি সরিয়ে নেওয়ার জন্য বাঁধ নির্মাণের প্রস্তুতি সম্পন্ন করেছে, যা বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করে দেবে।

সমাবেশে বিশেষজ্ঞরা আন্তঃনদী সংযোগ প্রকল্প বন্ধ, বাংলাদেশের     আন্তর্জাতিক নদ - নদীতে বাঁধ নির্মাণ বন্ধ, ১৯৯৬ সালের ফারাক্কা চুক্তি সংশোধন এবং বাংলাদেশ, ভারত, নেপাল, ভূটান, চীনসহ সংশ্লিষ্ট দেশগুলোকে নিয়ে মেকংরিভার কমিশনের মতো কমিশন গঠন করে আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে সমস্যা সমাধানের দাবি জানান।