বিমানের নিউইয়র্ক ফ্লাইট আটকে দেওয়ায় এফএএ’র আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ
মার্কিন ফেডারেল এভিয়েশন অথরিটি আনুষ্ঠানিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে দুঃখ প্রকাশ করেছে। বিমানের নিউইয়র্ক ফ্লাইট ১৩ মে আমেরিকার জেএফএ বিমানবন্দরে অবতরণে নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়ে এফএএ এই দুঃখ প্রকাশ করে।
বিমানের একজন মুখপাত্র বিডিনিউজকে জানান, বিমানের পক্ষে বাংলাদেশের রাষ্ট্রদূত মার্কিন স্টেট ডিপার্টমন্টের কাছে ওই বিষয়ে কৈফিয়ত দাবি করলে এফএএ’র পক্ষে তারা জানায়, এটি একটি ভুল বোঝাবুঝি। এ জন্য এফএএ আন্তরিকভাবে দুঃখিত।
তিনি জানান, বিমান কর্তৃপক্ষও লিখিতভাবে এফএএ’র কাছে ওই বিষয়ে কৈফিয়ত তলব করেছে। এফএএ লিখিতভাবে বিষয়টি তাদের জানালে কর্তৃপক্ষ আইনজীবীর মাধ্যমে এফএএ’র কাছে এজন্য ক্ষতিপূরণ দাবি করবে।
বিমান সূত্র জানায়, এফএএ’র আপত্তির মুখে বিমানের ঢাকা -- ব্রাসেলস -- নিউইয়র্ক রুটের ফ্লাইট ১৩ মে মন্ট্রিলে আটকে পড়ায় সংস্থার বিপুল অংকের টাকা লোকসান হয়। এতে আন্তর্জাতিক বাজারে বিমানের ব্যবসায়িক সুনামও ক্ষতিগ্রস্থ হয়েছে।
বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমেরিকার স্টেট ডিপার্টমেন্টর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক মি. এঞ্জেলকেন সে দেশের বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে, এটি একটি ভুল। তিনি আরো জানান, স্টেট ডিপার্টমেন্ট এ ধরণের সিদ্ধান্ত কেনো নেওয়া হলো, তা এফএএ’র কাছে বিস্তারিত জানতে চেয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এফএএ’র সাথে আলোচনার পর মি. এঞ্জেলকেন দূতাবাসের মাধ্যমে বিমান কর্তৃপক্ষের কাছে গভীর দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন, বিমানকে আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের কোনো প্রশ্নই আসে না।
জানা যায়, এফএএ’র ওই দুঃখ প্রকাশ করার পর বিমানের পরবর্তী তিনটি নিউইয়র্ক ফ্লাইট (২০ ও ২৭ মে এবং ৩ জুন) নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হলো। এগুলো এখন যথাসময়েই চলবে। লোকসান এড়াতে বিমান ৩ জুনই সর্বশেষ নিউইয়র্ক ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র জানায়, ফ্লাইট ও যাত্রী নিরাপত্তার মান না বাড়ালে বিমানের উড়োজাহাজ নিউইয়র্কে অবতরণ করতে দেওয়া হবে না বলে এফএএ সম্প্রতি এক চিঠিতে জানায়। অনেকদিন ধরেই এফএএ বিমানকে অবিলম্বে তাদের ফ্লাইট ‘বি ক্যাটাগরি’ থেকে ‘এ ক্যাটাগরি’তে উন্নীত করতে বলেছে। অন্যথায় বিমানের ফ্লাইটের মান ‘সি ক্যাটাগরি'তে নামিয়ে দেওয়া হবে বলেও তারা জানায়।
এফএএ’র নিয়ম অনুযায়ী কোনো এয়ারলাইন্সকে ‘সি ক্যাটাগরি'তে নামিয়ে দেওয়া হলে সেটি আর আমেরিকায় অবতরণ করতে পারবে না।
বিমান এরই মধ্যে আগামী ৩ জুন থেকে লোকসানি নিউইয়র্ক ফ্লাইট বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। এ রুটে প্রতি ফ্লাইটে বিমানের প্রায় ৭৩ লাখ টাকা লোকসান হয়।
তিনটি মহাদেশের ২৬ টি দেশে ও দেশের ভেতরে সাতটি গন্তব্যে বিমান আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন করছে। বিমানের উড়োজাহাজ বহরে এখন ছয়টি ডিসি --১০, চারটি এয়ারবাস এবং চারটি এফ -- ২৮ রয়েছে।
