ঢাকায় বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে ডেসাকে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নির্দেশ
বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঢাকায় বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষকে (ডেসা) নির্দেশ দিয়েছেন।
সচিবালয়ে রোববার ঢাকা মহানগরী সমিতির প্রতিনিধিদের সাথে এক বৈঠকে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘লোড ম্যানেজমেন্টে’ এর মাধ্যমে নগরীর সার্বিক বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন করা হচ্ছে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বোরো মৌসুমে সেচের জন্যে শহর এলাকা থেকে পল্লী এলাকায় ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল। বোরো মৌসুম শেষে তা নগরীতে আবার বিতরণ করা হলে শহরের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে।
বৈঠকে ২০ সদস্যের প্রতিনিধি দল রাজধানীর বিভিন্ন হাসপাতালের বিদ্যুৎ বিতরণ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন রাতে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ, আলোকসজ্জা বন্ধ করা, ভৌতিক বিল দূর করা, টঙ্গী বিদ্যুৎ কেন্দ্র সার্বক্ষণিকভাবে চালু রাখা এবং বিদ্যুৎ বিভাগ ও অন্যান্য সংস্থাসমূহের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ সময় জানান, ঢাকা নগরীর সার্বিক বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালসহ সকল হাসপাতালে বিদ্যুৎ এক্সপ্রেস ফিডার স্থাপনের জন্যে ডেসাকে নির্দেশ দেওয়া হয়েছে।
