ভোটার তালিকা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আপিলের শুনানি শুরু
ভোটার তালিকা প্রণয়ন সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দায়ের করা আপিলের শুনানি রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণ বেঞ্চে শুরু হয়েছে।
প্রথম দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন, বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন, বিচারপতি এমএম রুহুল আমিন, বিচারপতি তফাজ্জল ইসলাম এবং বিচারপতি আমিরুল রেজা চৌধুরী সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
নির্বাচন কমিশনের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ তার বক্তব্য শেষ করেছেন। অন্যদিকে মূল রিট আবেদনকারী ড. কামাল হোসেন বক্তব্য শুরু করেছেন।
শুনানিতে অ্যাডভোকেট মাহবুব উদ্দিন আহমাদ বলেন, আগামী নির্বাচনের জন্যে আইনগতভাবেই নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রণয়ন করেছে। তিনি হাইকোর্টের রায়কে বাতিল করার জন্যে সর্বোচ্চ আদালতের প্রতি আবেদন জানান।
শুনানিতে তিনি বলেন, তিনজন নির্বাচন কমিশনার পরবর্তী সাধারণ নির্বাচনের জন্যে ২০০৫ সালের ৭ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজের সভাপতিত্বে এক বৈঠকে নতুন ভোটার তালিকা প্রণয়নের সিদ্ধান্ত নেন। অপর দুই নির্বাচন কমিশনার এমএম মুন্সেফ আলী এবং একে মোহাম্মদ আলী সরাসরি এ সিদ্ধান্তের বিরোধিতা করেননি।
নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী নতুন ভোটার তালিকা প্রণয়নে কোনো বাধা নেই।
ড. কামাল হোসেন আদালতে বলেন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ভারত এমনকি বাংলাদেশেও বর্তমান ভোটার তালিকা থেকে সকল নাম মুছে ফেলে ভোটার তালিকা প্রণয়নের কোনো নিয়ম নেই।
তিনি প্রশ্ন তোলেন, বর্তমান ভোটার তালিকা থেকে সাত কোটি ভোটারের নাম মুছে ফেলে নির্বাচন কমিশন নয় কোটি ভোটারের একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। নতুন ভোটার তালিকার এত ভোটার কোথা থেকে আসল?
বিরোধী দলের তিনজন নেতা-- আওয়ামী লীগ সাংসদ আব্দুল জলিল এমপি, অ্যাডভোকেট রহমত আলী এমপি এবং আসাদুজ্জামান নূর এমপি’র দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এমএ মতিন এবং বিচারপতি রেজাউল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ৪ জানুয়ারি ভোটার তালিকা প্রণয়নে পাঁচ দফা অভিমত দেন।
অভিমতে হাইকোর্ট বলেন, নির্বাচন কমিশনের উচিত, বর্তমান ভোটার তালিকা ঠিক রেখে ১৮ বছরের বেশি বয়েসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত এবং মৃতদের নাম বাদ দিয়ে ভোটার তালিকা প্রণয়ন করা ।
আদালত আরো জানান, অনুপস্থিত ভোটাররা তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে না-- কমিশনকে এটি নিশ্চিত করতে হবে।
আদালতের অভিমতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের আলোচনা করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। একে অপরের কাছে নোট অথবা চিঠি চালাচালি করে নয়।
অভিমতে আরো বলা হয়, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনই ভোটার তালিকা প্রণয়ন করবে। এবং সংবিধান ও আইন অনুযায়ীই নির্বাচন কমিশন তার দয়িত্ব পালন করবে।
আদালত আরো জানান, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত হবে না এবং নির্দিষ্ট কোনো দলের দাবি অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেবে না। কমিশনের উচিত এ রায় গণমাধ্যমে প্রকাশ করা।
বর্তমান ভোটার তালিকা হালনাগাদ করা এবং পূর্ণাঙ্গ রায় গণমাধ্যমে প্রকাশ-- হাইকোর্টের রায়ের এ দুটি নির্দেশনার বিরুদ্ধে ১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে আপিল করে।
