বিমানের নিউ ইয়র্ক ফ্লাইট এফএএ’র আপত্তির মুখে ২৩০ জন যাত্রী নিয়ে মন্ট্রিলে আটকা পড়েছে
মার্কিন ফেডারেল এভিয়েশন অথরিটির (এফএএ) আপত্তির মুখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিউ ইর্য়ক ফ্লাইট শুক্রবার রাতে ২৩০ জন যাত্রী নিয়ে মন্ট্রিলে আটকা পড়েছে।
বিমান সূত্র জানায়, এফএএ বিমানের ওই ফ্লাইটটিকে নিউ ইয়র্কে অবতরণ করতে না দেওয়ায় এটি ঘুরে কানাডার রাজধানী মন্ট্রিলে অবতরন করে।
ঢাকা - ব্রাসেলস - নিউ ইয়র্ক রুটের ফ্লাইটটি (বিজি - ০১২) শুক্রবার সকাল ৮ টা ৪০ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
বিমানের একজন মুখপাত্র বিডিনিউজকে জানান, ফ্লাইট ও যাত্রী নিরাপত্তার মান না বাড়ালে বিমানের উড়োজাহাজ নিউ ইয়র্কে অবতরণ করতে দেওয়া হবে না বলে এফএএ সম্প্রতি এক চিঠিতে জানায়। এফএএ’র ওই হুমকি শুক্রবারই বাস্তবায়ন করা হলো।
তিনি জানান, মন্ট্রিলে আটকে পড়া যাত্রীদের অন্য এয়ারলাইন্সে করে নিউ ইয়র্ক পাঠাতে কর্তৃপক্ষ চেষ্টা করছে ।
জানা যায়, অনেকদিন ধরেই এফএএ বিমানকে অবিলম্বে তাদের ফ্লাইট ‘বি ক্যাটাগরি’ থেকে ‘এ ক্যাটাগরি’তে উন্নয়নের পরামর্শ দেয়। অন্যথায় বিমানের ফ্লাইটের মান ‘সি ক্যাটাগরি'তে নামিয়ে দেওয়া হবে বলেও তারা জানায়। এফএএ’র নিয়ম অনুযায়ী কোনো এয়ারলাইন্সকে ‘সি ক্যাটাগরি'তে নামিয়ে দেওয়া হলে সেটি আর আমেরিকায় অবতরণ করতে পারবে না।
এফএএ’র অনুমতি না নিয়েই বিমান লাভের আশায় গত এপ্রিলে রুট পরিবর্তন করে ঢাকা থেকে ব্রাসেলস হয়ে নিউ ইয়র্ক যাওয়ার বদলে কিছুদিন ম্যানচেস্টার হয়ে নিউ ইয়র্ক রুটে যাত্রী পরিবহন শুরু করে। এ জন্যে এফএএ সংস্থাটিকে বিপুল অংকের অর্থ জরিমানা করে ।
পরে কর্তৃপক্ষ আবার পুরোনো রুটে নিউ ইয়র্ক ফ্লাইট চালানো শুরু করে।
বিমান এরই মধ্যে আগামী ৩ জুন থেকে লোকসানী নিউ ইয়র্ক ফ্লাইট বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। এ রুটে প্রতি ফ্লাইটে বিমানের প্রায় ৭৩ লাখ টাকা লোকসান হয়।
তিনটি মহাদেশের ২৬টি দেশে ও দেশের ভেতরে সাতটি গন্তব্যে বিমান আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন করছে। বিমানের উড়োজাহাজ বহরে এখন ছয়টি ডিসি ১০, চারটি এয়ারবাস এবং চারটি এফ ২৮ রয়েছে।
