২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র সংঘর্ষ: শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জালালাবাদ রাগীব--রাবেয়া মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর উভয় শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2006, 02:28 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

মেডিক্যাল কলেজের কাছে শাবি ছাত্রদের আড্ডা দেওয়া নিয়ে শুক্রবার রাতে উভয় প্রতিষ্ঠানের ছাত্রদের মধ্যে সংঘর্ষ বাধে। চারঘন্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে ৭০ জন আহত হয়। বিক্ষুব্ধ শাবি ছাত্ররা সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে শুক্রবার রাত ১১টার পর থেকে ব্যারিকেড দিলে ওই সড়কের উভয় পাশে কয়েকশ’ যানবাহন আটকে পড়ে।

প্রশাসন এবং পুলিশ কর্মকর্তাদের অনুরোধে শাবি ছাত্ররা শনিবার সকালে আঞ্চলিক সড়ক থেকে অবরোধ তুলে নেয়।

পুলিশ ছাত্রদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট নিক্ষেপ করলে শাবি’র ৩০ ছাত্র আহত হয়। আহতদের মধ্যে রাজীব এবং শামীম নামের দুই ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

শাবি’র বিক্ষুব্ধ ছাত্ররা উপাচার্য অধ্যাপক মোসলেহ উদ্দিন তারেকের পদত্যাগের দাবিতে তার বাসভবন ঘেরাওসহ প্রতিবাদ কর্মসূচী অব্যাহত রেখেছে।

শাবি শিক্ষক সমিতি ছাত্রদের এই কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করেছে।

শাবি ছাত্ররা দুপুর ১টার দিকে উপাচার্যের বাসার টেলিফোন লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে। পানি, বিদ্যুত ও গ্যাসের লাইন কেটে দেওয়ার হুমকি দিয়ে ছাত্ররা বলেছে, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তারা প্রতিবাদ কর্মসূচী চালিয়ে যাবে।

ছাত্রদের অভিযোগ, উপাচার্যের নিষ্ক্রিয়তার জন্যে পুলিশ ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে।

শাবি ছাত্ররা রাত ২টা থেকে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্যে ছাত্র ধর্মঘট আহ্বান করে উপাচার্যকে তার বাসভবনে অবরুদ্ধ করে রাখে।