২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের তেল গ্যাস ব্লক ভারতের দখলে: মিশনগুলো তথ্য জানাতে ব্যর্থ

বাংলাদেশের গভীর সমুদ্রের ব্লক দখল করে ভারত যে তেল--গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে, তা বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনগুলো সরকারকে জানাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2006, 07:15 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অব হাইড্রোকার্বন এই বিডের পক্ষে কেবল দিল্লি নয়, বেশ কয়েকটি দেশে প্রচারণা (রোড শো) করলেও বাংলাদেশের কোনো মিশনই সরকারকে বিষয়টি অবহিত করেনি।

এ পর্যায়ের ৫৫টি ব্লকের মধ্যে আছে ২৫টি স্থল ভাগের, ২৪টি গভীর সমুদ্রের এবং ছয়টি অগভীর সমুদ্রের তেল গ্যাস অনুসন্ধান ব্লক।

ভারত তাদের ৬ষ্ঠ পর্যায়ের নতুন অনুসন্ধান লাইসেন্সিং পলিসি নামে ৫৫টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানে অংশ নেয়ায় আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোকে আগ্রহী করতে প্রথম রোড 

শো করে গত ১০ মার্চ নয়া দিল্লির অশোকা হোটেলে।

এভাবে ভারতের পক্ষে গত ২৭ ও ২৮ মার্চ লন্ডনের হিলটন প্যাডিংটন হোটেল, ৩০ মার্চ আমেরিকার হিউস্টনের হিলটন পোস্ট অক হোটেল, ৬ ও ৭ এপ্রিল অস্ট্রেলিয়ার পার্থে হায়াত রিজেন্সি হোটেলে রোড শো অনুষ্ঠিত হয়।

এছাড়া মালয়েশিয়ার কুয়ালামপুরের ম্যারিডিয়ান ওরিয়েন্টাল হোটেলে ১০ ও ১১ এপ্রিল এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের সাংগ্রিলা হোটেলে ২৩ ও ২৪ এপ্রিল রোড শো অনুষ্ঠিত হয়।

এছাড়া আগামী ১৪ ও ১৫ জুন কানাডার ক্যালগেরির ডেলটা বাউ ভ্যালি হোটেলে এবং ব্রাজিলের রিও ডি জেনেরিও‘র জেডাব্লুও ম্যারিয়েট হোটেলে ১৯ ও ২০ জুন রোডশো হতে যাচ্ছে।

অন্যদিকে এই বিডিং--এ অংশ নিতে আগ্রহী আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর সাথে আগামী ২২ মে দিল্লির হোটেল লা মেরিডিয়ানে ‘ইন্টার‌্যাকটিভ মিট’ অনুষ্ঠিত হবে।

সূত্রে প্রকাশ, একদিকে ভারতের এই আয়োজন নিয়ে পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু জানানো হয়নি। অন্যদিকে ভারত যে সকল দেশে ৬ষ্ঠ রাউন্ড বিডিং এর জন্যে রোড শো করেছে, সেখানকার বাংলাদেশ মিশনগুলোও বাংলাদেশের গভীর সাগরে ভারতের তেল গ্যাস ব্লক দখল করার তথ্য সরকারকে জানাতে ব্যর্থ হয়েছে।

তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, ভারত তার এনইএলপি-- ৬ (নিউ এক্সপ্লোরেশন লাইসেন্সিং পলিসি-- ৬) এর আওতায় নতুন ব্লক ডি ২২ এবং ডি ২৩ এর মাধ্যমে বাংলাদেশের ২০টি গভীর সমুদ্রের ব্লকের আটটিই পুেরাপুরি বা আংশিক দখল করে নিয়েছে। ভারতের ডি ২২ ব্লক ৭৭৯০ এবং ডি ২৩ ব্লকটির আয়তন ৮৭০৬ বর্গকিলোমিটার।

বিডিং তথ্যাদি থেকে জানা গেছে, এই প্রক্রিয়ায় ভারত বাংলাদেশের গভীর সমুদ্রের ব্লক ২৪, ২৯ ও ৩৪ পুরোপুরি, ৩০ ও ৩৯ নং ব্লক প্রায় পুরোটা, ২৫ ও ৩৫ নং ব্লক অর্ধেক এবং ৪০ নং ব্লক সামান্য দখল করে নিয়েছে।

সূত্র জানায়, তৃতীয় রাউন্ড বিডিং--এর প্রস্তুতি হিসেবে গত বছরের জুলাইয়ে পেট্রোবাংলা নতুন ব্লক ম্যাপ চূড়ান্ত করে তা আন্তর্জাতিক সমুদ্রসীমা সংক্রান্ত মতামতের জন্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। কিন্তু আজ পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ধরনের মতামত পাওয়া যায়নি বলে পেট্রোবাংলা সূত্র জানায়।

জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, নন স্পেকুলেটিভ সাইসমিক সার্ভের নীতিমালার খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্যে মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হলেও তা অনুমোদন না করে একটি কারিগরি কমিটি করা হয়। কমিটির মতামত নিয়ে সংশোধিত নীতিমালা অনুমোদনের জন্যে আবার মন্ত্রিসভায় পাঠানো হয়। গত মাসে এটি কার্যসূচিতে থাকলেও পরে তা নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি বলে জানা গেছে।

পেট্রোবাংলার একটি সূত্র দাবি করেছে, ২০০৪ সালের মধ্যভাগে তৃতীয় রাউন্ড বিডিং প্রস্তুতি শুরু হলেও যথাসমেয় তা না হওয়ায় ভারত এনইএলপি-- ৬ এর মাধ্যমে বাংলাদেশের গভীর সমুদ্রের ব্লকগুলো দখল করে নেয়ার সুযোগ পেয়েছে।

ভারত গত ২৪ ফেব্রুয়ারি এনইএলপি--৬ এর আনুষ্ঠানিক ঘোষণা নিয়ে প্রস্তাব আহবান করে। প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় আগামী ১৫ সেপ্টেম্বর। এরপর চার মাসের মধ্যে বিজয়ী প্রস্তাব দাতাদের সাথে চুক্তি স্বাক্ষরেরও ঘোষণা দিয়েছে ভারত।

আরো জানা যায়, কেবল ভারত নয়, মায়ানমারও গভীর সাগরে তাদের অনুসন্ধান এলাকা চিহ্নিত করতে গিয়ে বাংলাদেশ সাতটি ব্লক পুরো বা আংশিক দখল করে নিয়েছে।

পেট্রোবাংলার দেওয়া তথ্যানুসারে মায়ানমার বাংলাদেশের ৩৩, ৩৮ ও ৪৩ নং ব্লক পুরোপুরি, ২৮ ও ৩৭ নং ব্লক অর্ধেক, ৪২ নং ব্লক অধিকাংশ এবং ৩২ নং ব্লক সামান্য দখল করেছে।