২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা, কিশোরগঞ্জ, কেরাণীগঞ্জ এবং সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ২৫

দেশের কুমিল্লা, কিশোরগঞ্জ, কেরাণীগঞ্জ এবং সিরাজগঞ্জে শুক্রবার পৃথক সড়ক দূর্ঘটনায় একজন পুলিশ কনস্টেবলসহ ছয়জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2006, 07:13 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

বিডিনিউক কুমিল্লা প্রতিনিধি জানান, জেলার দাউদকান্দি থানাধীন ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের সোনালী আশ জুট মিলের নিকটবর্তী বাড়ইপাড়া এলাকায় ঢাকাগামী একটি বাসের সাথে বিপরীতদিক থেকে আসা ফেনীগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

নিহতরা হলো বাসের ড্রাইভার মাসুদুর রহমান (৪১) এবং কাভার্ড ভ্যানের চালক আবদুল্লাহ (৫৬)।

গুরুতর আহত অজ্ঞাতনামা পুরুষ (৪৫), জাহাঙ্গীর (৩০) এবং কালাম (৩৫) কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যান্যদের স্থানীয় এলহাম প্রাইভেট ক্লিনিকসহ অন্যান্য ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা---ব---১৪---১০১৯) এবং ঢাকা থেকে ফেনীগামী শাহ সিমেন্ট ভর্তি একটি কাভার্ড ভ্যানের (ঢাকা---মেট্রো---উ---১১---১০১২) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই গাড়ির চালক নিহত হয়।

অপর এক দূর্ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের প্রটেকশন ডিউটিতে যোগদানের উদ্দেশ্যে দাউদকান্দি যাবার পথে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বাগুর বাসস্ট্যান্ডের সামনে পুলিশবহনকারী একটি ভ্যানর সাথে স্টার লাইন পরিবহনের একটি কাভার্ড ভ্যানের মুখোমুখী সংঘর্ষে আবদুর রশিদ (২৪) নামের একজন পুলিশ কনস্টেল নিহত ও পুলিশের অপর চারজন আহত হয়েছে।

দুপুর ১২-৩০ এর দিকে এ ঘটনা ঘটে। স্টার লাইন পরিবহনের কাভার্ড ভ্যানের ড্রাইভারকে গ্রেফতার করেছে পুলিশ। 

আহতরা হলো - এপিবিএন এর সদস্য সাব-ইন্সপেক্টর শফিকুল ইসলাম বাবুল, কনস্টেবল জামিল হোসেন, অনিল চন্দ্র ও আহসান। তাদেরকে কুমিল্লা পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কনস্টেবল জামিলের অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিডিনিউজ কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, জেলার কটিয়াদি উপজেলার চরিয়াকুনা গ্রামে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

নিহত বৃদ্ধের নাম আব্দুল হাকিম (৬৫)। তার বাড়ি বাজিতপুর গ্রামে।

পুলিশ জানায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পেছনদিক থেকে বৃদ্ধ আব্দুল হাকিমের রিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

বিডিনিউজ কেরানীগঞ্জ প্রতিনিধি জানান, জেলার ঢাকা-নবাবগঞ্জ ডাইভারশন রোডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ম্যাক্সি রাস্তার পার্শ্ববর্তী একটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই এর ড্রাইভার নিহত হয়।

ওই ঘটনায় কোন যাত্রী হতাহত হয়নি বলে স্থানীয় পুলিশ জানায়।

নিহতের নাম আনোয়ার হোসেন (২০)। তার পিতার নাম নুরু মিয়া। সে নবাবগঞ্জ থানাধীন বকতারপুর গ্রামের বাসিন্দা ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তার লাশ ময়নাতদন্ত ছাড়াই আত্মীয়স্বজনরা নিয়ে গেছে।

বিডিনিউজ সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাগঞ্জ----বগুড়া মহাসড়কে একটি ট্রাক উল্টে গেলে ঘটনাস্থলেই একজন নিহত এবং ছয় জন আহত হয়।

আহতদের মধ্যে ট্রাকচালক আলী হোসেনসহ তিনজনের অবস্থা গুরুতর।

তাদেরকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে ঢাকা থেকে বগুড়াগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সড়াইহাজীপুর গ্রাম নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী খাদে উল্টে পড়লে ট্রাকের উপর বাস কুজাগাড়ী গ্রামের গরু ব্যবসায়ী সাইফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়।