পাবনায় পিতা-পুত্র ছুরিকাঘাতে নিহত
পাবনা জেলার বেড়া উপজেলার শালিখাপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা পিতা-পুত্রকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে হত্যা করেছে।
নিহতরা হলো মুজাম উদ্দিন (৫৫) ও তার পুত্র ইয়াকুব (২১)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে শালিখাপাড়া পাম্প স্টেশনের কাছে একটি ক্লাবে ইয়াকুব কেরাম খেলছিল।
এসময় একদল সন্ত্রাসী এসে ইয়াকুবকে ক্লাব থেকে বের করে এনে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। খবর পেয়ে ইয়াকুবের পিতা এগিয়ে আসে। এসময় সন্ত্রাসীরা ইয়াকুবের পিতাকেও উপর্যুপরি ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই পিতা-পুত্রের মৃত্যু হয়।
এই ঘটনার জের ধরে শুক্রবার দুপুরে একদল যুবক দুইটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয় এবং ১০/১২টি বাড়ি ভাংচুর ও দুইটি ট্রাক্টর লুট করে। এসময় কমপক্ষে ১০ জন আহত হয়।
আহতদের মধ্যে বাবুল, মন্টু, মোক্তার ও কাজীনলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এব্যাপারে বেড়া থানায় একটি মামলা দায়ের করা হলেও কাউকে গ্রেফতার করা হয়নি।
বিকেল সাড়ে পাঁচটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় ব্যাপক ভাংচুর চলছিল।
