খসড়া ভোটার তালিকা বাতিলের দাবিতে উত্তরায় ১৪ দলের সমাবেশ
পানি-গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং খসড়া ভোটার তালিকা বাতিলের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বিরোধী ১৪ দলীয় জোট বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় সমাবেশ ও মিছিল করেছে।
আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামাত জোট সরকার ভোট কারচুপির মাধ্যমে আবার ক্ষমতায় যেতে চায়। তাই তারা ভোটার তালিকায় দুই কোটি ভুয়া ভোটারের নাম অন্তর্ভুক্ত করেছে।
আওয়ামী লীগ নেতৃবৃন্দের নেতৃত্বাধীন সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন কমিশনের ভুয়া ভোটার তালিকা বাতিল না করা হলে দেশে কোনো ধরনের নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।
আওয়ামী লীগ সভাপতিম-লির সদস্য তোফায়েল আহমেদ বলেন, বিএনপি-জামাত জোট সরকার নির্বাচন কমিশনকে তাদের দলের অঙ্গ সংগঠনে পরিণত করেছে।
তিনি বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির মতো আর কোনো নির্বাচন বাংলার মাটি ও জনগণ মেনে নেবে না।
উত্তরা আওয়ামী লীগ সভাপতি সরদার মোহাম্মদ সুরুজ্জামান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিম-লির সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।
এতে আরও বক্তব্য রাখেন মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, অ্যাডভোকেট সাহারা খাতুন এবং হাজী সেলিম।
সমাবেশ শেষে ১৪ দল একটি মিছিল বের করে। মিছিলটি ঢাকা--ময়মনসিংহ সড়ক প্রদক্ষিণ করে।
