এইচএসসি পরীক্ষায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে শিক্ষকদের প্রতি বাকশিস’র আহ্বান
আসন্ন এইচএসসি পরীক্ষায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)।
বাকশিস সভাপতি অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুল হক বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে পরীক্ষায় দায়িত্ব পালনকালে শিক্ষকের সাথে অসৌজন্যমূলক ও আইন বহির্ভূত আচরণ করলে তাৎক্ষণিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে জরুরি ভিত্তিতে বাকশিস কেন্দ্রীয় কার্যালয়ে যোগাযোগ করতে বলেন।
বাকশিস নেতারা পরীক্ষা কেন্দ্র ও কেন্দ্রের বাইরে শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করা এবং পরীক্ষা চলাকালে ছাত্র সংসদ স্থগিত এবং সংসদ সদস্যসহ দলীয় নেতাকর্মীদের কেন্দ্রে প্রবেশ থেকে বিরত রাখার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।
অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) শিক্ষক কর্মচারীদের স্বার্থে তাদের অর্থে গঠিত রিটায়ারমেন্ট বেনিফিট বোর্ড ও কল্যাণ ট্রাস্টের ক্ষেত্রে দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে বিতর্কিত ব্যক্তিদের পরিহার করে প্রকৃত শিক্ষক কর্মচারীদের মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন।
বাশিস নেতারা বিজ্ঞপ্তিতে বলেন, শিক্ষক কর্মচারী বিদ্বেষী ও নির্যাতনকারী সরকারের মনোরঞ্জনকারীদের মধ্যে শিক্ষামন্ত্রী নিজের অনুগ্রহপুষ্ট একটি চক্রকে ওই বোর্ডের কর্র্র্তৃত্ব তুলে দিয়েছেন। প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হওয়ার আগেই দালাল চক্রটি তাদের অনুগ্রহ লাভের সুখবর প্রচার করেছে বলে তারা জানান।
এতে করে দালালদের প্রতিযোগিতা ও বিদ্বেষ আরও তীব্র হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাশিস সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম ও মহাসচিব এসএমএ জলিলসহ অন্যান্যরা।
