নেত্রকোনায় রাতভর পুলিশের অভিযানে আটক ২৫ জন, বিএনপি ক্যাডারদের লুটপাট, হরতাল পালন
নেত্রকোনায় পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের জের ধরে পুলিশ বুধবার রাতভর আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরপাকড় অভিযান চালায়। একই রাতে বিএনপি ক্যাডাররাও চালায় ভাংচুর ও লুটপাট।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আওয়ামী লীগ সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ৮টা থেকে শুরু করে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুলিশ ইংরেজী দৈনিক নিউ এইজ -- এর জেলা প্রতিনিধি সাইদুর রহমান মিন্টুসহ প্রায় ২৫ জনকে আটক করে। পরে সাংবাদিক বিক্ষোভের মুখে বৃহস্পতিবার সকালে সাংবাদিক মিন্টুকে ছেড়ে দেওয়া হয়।
এদিকে জেলায় আওয়ামী লীগ আহুত হরতাল বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। এ সময় শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে। রাস্তায় ভারী যানবাহন চলেনি। তবে রিকশাসহ ছোটখাট যানবাহন চলাচল করে। সকাল ৮টার দিকে নেত্রকোনা -- মোহনগঞ্জ সড়কে পিকেটাররা একটি ট্রাক ভাংচুর করে।
সকাল থেকেই অতিরিক্ত আর্মড ব্যাটলিয়ান পুলিশ আওয়ামী লীগ অফিসসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন করা হয়।
প্রত্যক্ষদর্শি ও আওয়ামী লীগ সূত্র জানায়, পুলিশের উপস্থিতিতেই বিএনপির সশস্ত্র ক্যাডাররা রামদা, হকিস্টিক, লাঠিশোটা নিয়ে ছোটবাজার এলাকার জেলা আওয়ামী লীগ অফিস দ্বিতীয়বারের মত ভাংচুর করে। এ সময় তারা ছোট বাজারের বিভিন্ন দোকানে রামদা দিয়ে কুপিয়ে দোকান খুলে লুটপাট ও ভাংচুরও করে। বড়বাজার এলাকার দূর্গা কেবিনসহ প্রায় ১০টি দোকান ভাংচুর ও লুটপাট করা হয়।
এদিকে রাত ২ টায় পুলিশ শহরের নিউটাউন এলাকা থেকে নিউ এইজ সাংবাদিক সাইদুর রহমান মিন্টুকে তার বাসা থেকে আটক করে। পুলিশ অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ তার সঙ্গে অশোভন আচরণ করে। পরে বৃস্থপতিবার সকালে সাংবাদিক বিক্ষোভের মুখে তাকে ছেড়ে দেওয়া হয়।
জ্বালানী তেলের মূল্য কমানোর দাবিতে বুধবার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে আওয়ামী লীগের সঙ্গে পুলিশের ব্যপক সংঘর্ষ হয়। এতে আহত হয় অর্ধ শতাধিক দলীয় নেতাকর্মী। ঘটনার প্রতিবাদে তারা নেত্রকোনায় বৃস্পতিবার সকাল -- সন্ধ্যা হরতাল পালন করে।
