জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল নির্বাচনে বাংলাদেশ বিপুল ভোটে জয়ী
নিউইয়র্কে জাতিসংঘের নবগঠিত মানবাধিকার কাউন্সিলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিপুল ভোটে জয়লাভ করেছে।
বাংলাদেশসহ এশিয়ার মোট ১৩টি রাষ্ট্র এই মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে।
জাতিসংঘের সাধারণ সভার ১৯১টি ভোটের মধ্যে বাংলাদেশ ১৬০টি ভোট পেয়ে নতুন এই মানবাধিকার কাউন্সিলের সদস্য হওয়ার যোগ্যতা লাভ করে।
দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে ভারত ১৭৩টি ও শ্রীলংকা ১২৩টি ভোট পেয়ে মানবাধিকার কাউন্সিলের সদস্যপদ লাভ করেছে। এশিয়ার নির্বাচিত অন্য রাষ্ট্রগুলো হচ্ছে: ইন্দোনেশিয়া (১৬৫ ভোট), মালয়েশিয়া (১৫৮ ভোট), জাপান (১৫৮ ভোট), কোরিয়া (১৪৮ ভোট), চীন (১৪৬ ভোট), জর্ডান (১৩৭ ভোট), ফিলিপাইন (১৩৬ ভোট), বাহরাইন (১৩৪ ভোট) এবং সৌদি আরব (১২৬ ভোট)।
এবারের নির্বাচনে জয়ের জন্য জাতিসংঘের সাধারণ সভার মোট ১৯১টি ভোটের মধ্যে ন্যূনতম ৯৬টি ভোটের প্রয়োজন হয়। তবে এশিয়ার মধ্যে থাইল্যান্ড, লেবানন, কিরগিজস্তান, ইরান ও ইরাক এই ন্যূনতম ভোটও অর্জন করতে পারেনি।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের দূত ও স্থায়ী প্রতিনিধি ড. ইফতেখার আহমেদ চৌধুরী এক বিবৃতিতে বলেন, এই বিজয় বাংলাদেশ ও বাংলাদেশীদের জন্য একটি অনন্য অর্জন।
ড. ইফতেখার আরো বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের ওপর অর্পণ করা হয়েছে। এ জন্য আজ বাংলাদেশী হিসেবে আমাদের সকলের গর্ব করা উচিত। কাজের মাধ্যমেই আমাদের আন্তর্জাতিক বিশ্বে প্রমাণ করতে হবে, আমরা এই গুরুদায়িত্ব পালনে সক্ষম।
মোট ৪৭ জন সদস্যের নবনির্বাচিত এই মানবাধিকার কমিটি হিউম্যান রাইটস কমিশনের স্থলাভিষিক্ত হবে। ইতিমধ্যে ৪৪টি দেশকে নির্বাচিত করা হয়েছে। ১১ মে পূর্ব ইউরোপ থেকে আরো তিনটি দেশকে মনোনীত করা হচ্ছে।
নতুন এই মানবাধিকার কাউন্সিলের নির্বাচনকে জাতিসংঘের সার্বিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবেও বিবেচনা করা হচ্ছে। জেনেভা কেন্দ্রিক নতুন এই মানবাধিকার কাউন্সিল আগামী ১৯ জুন প্রথম বৈঠকের মধ্য দিয়ে কাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে।
