রাজশাহী রেলওয়ের ৫০ লাখ অর্থ আত্মসাৎ
পাকশীর হার্ডিঞ্জ ব্রীজ রং করার নামে পশ্চিম রেলওয়ের প্রধান প্রকৌশলীসহ ব্রীজ ইঞ্জিনিয়ার ও সংশ্লিষ্ট চার ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ৫০ লাখ অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গিয়েছে।
ইতিমধ্যেই তদন্তে ৩০ লাখ ৭৪ হাজার টাকা আত্মসাৎ করার বিষয়টি প্রমাণিত হওয়ার পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
সূত্র জানায়, এই আত্মসাতের প্রধান ভূমিকায় ছিলেন হার্ডিঞ্জ ব্রীজের প্রকৌশলী কাজী রফিকুল ইসলাম, আই ডব্লিউ জাহিদ হোসেন, চার ঠিকাদার প্রতিষ্ঠান মোহাম্মদ আলী জিন্নাহ, খালেকুজ্জামান পান্না, রেজাউল করিম সিজান ও রাহী।
অন্য একটি সূত্র জানায়, সাবেক প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম এই আত্মসাতের নেপথ্যে ছিলেন বলে জানা গেছে।
বর্তমান প্রধান প্রকৌশলী নূরুল আমিন আত্মসাতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডিপার্টমেন্টের অডিটে ৩০ লাখ ৭৪ হাজার টাকা আত্মসাতের বিষয়টি প্রমাণিত হয়েছে।
সূত্র জানায়, পাকশী ব্রীজ ইঞ্জিনিয়ার, আই ডব্লিউ এবং সংশ্লিষ্ট চার ঠিকাদারদের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা গ্রহণের চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
পশ্চিম রেলের সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, ২০০৩ সালের ২২ অক্টোবর প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে চার গ্রুপে ১৫টি স্প্যানের জন্য দরপত্র আহবান করা হয়। চার জন ঠিকাদার ২০০৪ সালের মধ্যে ২৩ লাখ বর্গফুট জায়গা দুইবার রং করার বিল দেখিয়ে টাকা আত্মসাৎ করা হয়।
এ ক্ষেত্রে সাবেক প্রধান প্রকৌশলী ১০ লাখ টাকা উৎকোচ গ্রহণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ব্রীজ রং করার জন্য ২২ হাজার পাঁচ লিটার রং অতিরিক্ত দেখিয়ে সে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে তদন্তে প্রমাণিত হলেও প্রকৃত অর্থে আত্মসাৎকৃত অর্থের পরিমান অর্ধকোটি টাকা।
প্রধান প্রকৌশলীর সহযোগী রফিউদ্দিনের কক্ষে বসে সাবেক প্রধান প্রকৌশলীর গ্রীন সংকেতের পর আত্মসাৎকৃত অর্থের ভাগবাটোয়ারা করা হয়।
এব্যাপারে পাকশী ব্রীজ ইঞ্জিনিয়ার রমজান আলীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি আত্মসাতের কথা স্বীকার করেন।
এই ব্যাপারে ঠিকাদার রাহীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে, তিনি এই আত্মসাতের কথা অস্বীকার করে বলেন, হার্ডিঞ্জ ব্রীজের রং করার কাজ তিনি পেয়েছিলেন তবে আত্মসাতের ঘটনা জানেন না।
উল্লেখ্য, পশ্চিম রেলের প্রকৌশলী বিভাগে অর্থ আত্মসাতের ঘটনা প্রতিনিয়ত ঘটে কিন্তু তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হয় না।
