দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত, আহত ৩৪
দেশের রংপুর, কুমিল্লা, গাজীপুর ও সাভারে শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছে।
বিডিনিউজ রংপুর প্রতিনিধি জানায়, জেলার মিঠাপুকুর উপজেলার মিঠাপুকুর বাজারের কাছে শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে যাত্রীবাহি একটি বাস উল্টে গেলে চার জন নিহত এবং কমপক্ষে ১৩ জন আহত হয়।
আহতদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্র জানায়।
বিডিনিউজ কুমিল্লা প্রতিনিধি জানায়, জেলার ঢাকা -- চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ২০জন আহত হয়েছে। দুর্ঘটনার পর দুই যাত্রী নিখোঁজ রয়েছে।
জেলার সদর দক্ষিণ উপজেলার উলইন ও চৌদ্দগ্রাম উপজেলার মিরশনী নামক স্থানে দুর্ঘটনা দুটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুর দেড়টায় জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিরশনী এলাকায় নোয়াখালী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী ভিআইপি বাস (ঢাকা মেট্রো - ব - ১১ - ০৮৫২) এর সাথে চৌদ্দগ্রাম থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানের ( চৌদ্দগ্রাম - ন - ২১৭৩) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ৩০/৩৫ বছরের অজ্ঞাত এক মহিলা ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর আহত যাত্রীদের মধ্যে ঢাকার উত্তরার আব্দুল হকের পুত্র আবুল হোসেন (২৬) ও নোয়াখালী জেলার সোনাপুর গ্রামের মঞ্জু (৩৫) কে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকাল ৩টায় তাদের মৃত্যু হয়। এ ছাড়াও এই দুর্ঘটনায় অন্ততপক্ষে আরও ১৮জন যাত্রী আহত হয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ আহতদের উদ্ধার ও দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ড ভ্যানটিকে থানায় নিয়ে যায়।
এর আগে ভোর রাত সাড়ে ৩টায় জেলার সদর দক্ষিণ উপজেলার ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী ফরেস্ট অফিসের সামনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি ভলভো বাস (ঢাকা মেট্রো - ব - ১১ - ২৮ - ৭৮৩) ও চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের (ইউ - ১১ - ০৪০৮) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক সোহেল (২৫) নিহত হয়। নিহত সোহেল নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার বাপুয়া গ্রামের মফিজুর রহমানের ছেলে। এ ঘটনায় আহত আরও দুজন যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ড ভ্যানটি থানায় নিয়ে আসে।
বিডিনিউজ গাজীপুর প্রতিনিধি জানায়, ঢাকা--ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী চেরাগআলী এলাকায় শুক্রবার সকালে মাটি ভর্তি একটি ট্রাকের চাপায় দুই জন নিহত হয়েছে।
নিহতরা হলো- ময়মনসিংহ জেলার ত্রিশালের কানিহাড়ি গ্রামের মজনু মিয়া (৩০) এবং টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পশ্চিম জামতলির মোহাম্মদ সেলিম (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার দিকে ঢাকা থেকে গাজীপুরগামী মাটিভর্তি একটি ট্রাক (ঢাকা - মেট্রো নং - ৭৬০১) রাস্তার পাশে দাড়িয়ে থাকা পথচারি ও রিক্সাচালককে চাঁপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি দ্রুত ওই পালিয়ে যাওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে - মুচড়ে যায়। তবে ট্রাকের চালক পালিয়ে যায়।
এ ঘটনায় টঙ্গী থানায় মামলা করা হয়েছে।
বিডিনিউজ সাভার প্রতিনিধি জানায়, সাভারে ঢাকা - আরিচা মহাসড়কে পণ্য বোঝাই কাভার্ড ভ্যান ও লেগুনা পরিবহন উল্টে যাওয়ার ৬ ঘন্টা পর শুক্রবার সকালে যান চলাচল পুনরায় শুরু হয়েছে।
পুলিশ জানায়, ঢাকাগামী ভুট্টা বোঝাই একটি কাভার্ড ভ্যান (ঢাকা - মেট্রো -উ - ১৪ - ০১১৪) বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঢাকা - আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে উল্টে গেলে পিছন থেকে একটি দ্রুতগামী যাত্রীবাহী লেগুনা পরিবহন সেটিকে সজোরে ধাক্কা দেয়।
এসময় লেগুনা পরিবহনটি উল্টে গিয়ে চালক এবং হেলপার আহত হয়। আহতদের স্থানীয় রাবেয়া ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মহাসড়কে ছয় ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ট্রাফিক পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ গাড়ি দুটি সরিয়ে নিলে শুক্রবার সকাল ৬টায় পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
