মোহাম্মদপুরে র্যাবের গুলিতে ২ ছিনতাইকারী নিহত
রাজধানীর মোহাম্মদপুরে শুক্রবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যদের গুলিতে দুই ছিনতাইকারী নিহত হয়েছে। র্যাব এসময় তাদের গুলিতে আহত এক ট্যাক্সি-ক্যাব চালককেও আটক করে।
নিহতরা হচ্ছে মোহাম্মদ মাসুদ (২৫) ও জাফর মাতব্বর (২৬)।
মাসুদ শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার শফিপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে । সে কেরানিগঞ্জের বড়গ্রামে বাস করতো। জাফর একই জেলার জাজিরা উপজেলার মোসলেমউদ্দিনের ছেলে।
আহত ট্যাক্সি-ক্যাব চালক আকমল হোসেনের বাড়ি কুষ্টিয়া জেলায়।
র্যাব জানায়, বেলা ১১টার দিকে মোহাম্মদপুর থানার ইকবাল রোডে একটি ট্যাক্সি-ক্যাবে করে ছিনতাইকারীরা ছিনতাইয়ের চেষ্টা চালালে র্যাব বাহিনী তাদের উদ্দেশে গুলি ছোঁড়ে।
মোহাম্মদপুর পুলিশ জানায়, তারা নিহতদের বিরুদ্ধে কোন মামলার কথা জানতে পারে নি। তবে তাদের বিরুদ্ধে কোন মামলা পূর্বে করা হয়েছে কিনা তা তারা খতিয়ে দেখছে।
