যুক্তরাজ্যের কাউন্সিলর নির্বাচনে ২০০ বাংলাদেশী প্রতিদ্বন্দ্বিতা করছে
যুক্তরাজ্যে বুধবারের কাউন্সিলর নির্বাচনে দেশটির বিভিন্ন এলাকা থেকে ২০০ জনের মতো বাংলাদেশী প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে।
কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার জন্যে বাংলাদেশী প্রার্থীরা রাজধানী লন্ডনে জোর প্রচারণাা চালিয়েছেন।
প্রবাসী বাংলাদেশি সম্প্রদায় সূত্রে জানা যায়, প্রার্থী ও তাদের সমর্থকরা টাওয়ার হ্যামলেট, নিউ হ্যামের লন্ডন বোরো ও ক্যামডেন টাউনের প্রতিটি ঘরে ঘরে লিফলেট, টিশার্ট, নির্বাচনী ইস্তেহার বিতরণ করেছে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতারত কিছু কাউন্সিলরদের সমর্থকরা ‘‘ডিস রিসপেক্ট’ লেখা টি শার্ট ছাপানোয় ব্রিক লেন ও শ্যাড অয়েলে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বলে বার্তা সংস্থা বিডিনিউজের যুক্তরাজ্য প্রতিনিধি জানিয়েছেন।
টাওয়ার হেমলেটে ১৭টি কাউন্সিলর পদে ১০৬ জন, নিউ হ্যামের লন্ডন বোরোতে ৩৩ জন ও ক্যামডেন টাউনে চারজন বাংলাদেশী রিসপেক্ট, লিবারেল ডেমোক্র্যাটস ও অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
