ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ সদস্যের ফেলে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বুধবার বিডিআর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একজন সদস্যের ফেলে যাওয়া একটি এসএলআর ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
বিডিআর ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল ১০টার দিকে মাতাল অবস্থায় একজন বিএসএফ সদস্য বাংলাদেশ সীমানায় ঢুকে পড়ে। বিএসএফ’র ওই সদস্য মহেশপুর জোলুলি বিওপির ৫৩ নম্বর পিলার থেকে বাংলাদেশ সীমানার প্রায় দু’শ মিটার ভেতরে প্রবেশ করলে গ্রামবাসী তাকে ধাওয়া করে। গ্রামবাসীর ধাওয়ার মুখে বিএসএফ সদস্য স্থানীয় কোটিবাগান এলাকায় তার কাছে থাকা একটি এসএলআর ও ১০ রাউন্ড গুলি ফেলে রেখে ভারতীয় অংশে পালিয়ে যায়।
খবর পেয়ে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যরা ঘটনাস্থলে পৌছে অস্ত্র ও গুলি উদ্ধার করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে বিডিআর ও বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
