বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে মালয়েশীয় উদ্যোক্তাদের
বিনিয়োগের জন্য সম্ভবনাময় দেশ হিসেবে বাংলাদেশের প্রতি মালয়েশীয় উদ্যোক্তাদের আগ্রহ ক্রমেই বাড়ছে।
বিনিয়োগ বোর্ড সূত্র জানায়, বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার সুযোগ অনুসন্ধানের লক্ষ্যে শেষ দু বছরে চারটি মালয়েশীয় বাণিজ্য প্রতিনিধি দল ঢাকা সফর করে।
বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, বাংলাদেশে শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ শিল্প প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বিতীয় দফা লাইসেন্সের আবেদন জানিয়েছে টিলিকম মালয়েশিয়া (টিএম)।
তিনি আরও বলেন, অন্যান্য মালয়েশীয় কোম্পানিগুলো টেলিযোগাযোগ টাওয়ার স্থাপনের জন্য সুযোগ খুঁজছে।
মালয়েশিয়া বাংলাদেশে পঞ্চম শীর্ষ বিনিয়োগকারী দেশ। বাংলাদেশে তাদের বিনিয়োগের পরিমাণ ২ হাজার ৯ শ’ কোটি টাকা।
বর্তমানে মালয়েশিয়া বাংলাদেশে বছরে ২ হাজার ৭ শ’ কোটি (১ দশমিক ৪ বিলিয়ন রিঙ্গিত) টাকার পণ্য রপ্তানি করছে। ১৯৯১ সালে রপ্তানির পরিমাণ ছিল মাত্র ২৯০ কোটি টাকা।
বর্তমানে যেসব মালয়েশীয় কোম্পানি বাংলাদেশে তাদের কার্যক্রম চালাচ্ছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: ওয়েস্টমন্ট, কেপিজি, এমআরসিবি এবং ডানহ্যাম-বুশ।
ঢাকাস্থ মালয়েশীয় হাইকমিশনের এক কর্মকর্তা জানান, বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করছে এবং এখানে বিনিয়োগের ব্যাপারে মালয়েশীয় ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে।
আলোচনা চলছে বা বর্তমানে কার্যক্রম অব্যাহত আছে এ ধরনের প্রকল্পের সংখ্যা অনেক বলে তিনি জানান।
মালয়েশিয়ার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ডেভলপমেন্ট বোর্ড (সিআইডিবি) সম্প্রতি বাংলাদেশ সফর করে এবং তারা নিু-মাঝারি আয়ের মানুষের আবাসনের জন্য ঢাকায় এক লাখ ফ্ল্যাটের ইউনিট উন্নয়নের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে।
এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রকল্পে ৭ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগের ব্যাপারেও আগ্রহের কথা জানিয়েছে সিআইডিবি। প্রতিষ্ঠানটি বাংলাদেশে বার্জ মাউন্টেড কিংবা টেইলার মাউন্ডেড বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের ব্যাপারেও আগ্রহী বলে সূত্র জানায়।
বাংলাদেশে তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্প স্থাপনের লক্ষ্যে এক হাজার একর জমির অনুসন্ধানে আছে সিআইডিবি।
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাফি ইউ আহমেদ সোমবার মালয়েশিয়ার একটি সংবাদপত্রকে জানান, সিআইডিবি প্রতিনিধি দল গৃহায়ন, ব্যবসা কেন্দ্র স্থাপন, বিদ্যুৎ এবং মহাসড়ক প্রকল্পে বিনিয়োগের আশা নিয়ে বাংলাদেশ সফর শেষ করেছে।
অ্যাসোসিয়েট চাইনিজ চেম্বার অব কমার্সের সাথে মালয়েশীয় শিল্প উন্নয়ন কর্তৃপক্ষও সম্প্রতি বাংলাদেশ সফর করেছে।
ঢাকাস্থ মালয়েশীয় হাইকমিশনের বাণিজ্য ও তথ্য কর্মকর্তা মাহবুব রেজা বিডিনিউজকে বলেন, বাংলাদেশে মালয়েশীয় বিনিয়োগ সুবিধা সৃষ্টির লক্ষ্যে মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভলপমেন্ট করপোরেশন কর্মকর্তাদের এ মাসেই ঢাকা সফরের সম্ভাবনা রয়েছে।
