গাজীপুরে বাস চালককে আটকের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী একটি বাসের চালক ও সহকারীকে আটক করে পুলিশে শোপর্দ করার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে পরিবহন শ্রমিকরা গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
সোমবার রাতে ঢাকা ময়মনসিংহ সড়কে চলাচলকারী সৌখিন পরিবহনের একটি বাসে ওই ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ময়মনসিংহগামী বাসটি সোমবার রাতে মহাসড়কের সালনা এলাকায় এসে পৌঁছালে যাত্রীবেশী ডাকাতরা লুটপাট শুরু করে। ডাকাতি শেষে ডাকাতরা ভাওয়াল জাতীয় উদ্যানের কাছে নেমে যায়। চালক বাসটি নিয়ে রাজেন্দ্রপুর চৌরাস্তা চেকপোস্টে পৌঁছালে বিক্ষুব্ধ যাত্রীরা বাসটি থামাতে বাধ্য করে। পরে যাত্রীদের চাপে হোঁতাপাড়া ফাঁড়ি পুলিশ বাসের চালক মজিদ মিয়া এবং তার সহকারীকে আটক করে।
ঘটনার পর আটক চালক ও সহকারীর মুক্তির দাবীতে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে শতাধিক পরিবহন শ্রমিক চান্দনা চৌরাস্তায় মহাসড়ক অবরোধ করে।
জয়দেবপুর থানা পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে প্রায় এক ঘন্টা পর পরিবহন শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
