রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীর বাড্ডা এলাকায় মঙ্গলবার ভোরে দুর্বৃৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম আরিফুর রহমান আরিফ (২২)। সে ভোলার চরফ্যাশনের হাবিবুর রহমানের ছেলে। ঢাকার ১/২ পশ্চিম হাজিপাড়ার গ্রামীণ ঐতিহ্যে সে বিক্রয় প্রতিনিধির কাজ করত।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মৃত্যুর কিছুক্ষণ আগে আরিফ কর্তব্যরত চিকিৎসক ও পুলিশকে জানায়, তার বন্ধু ঈসমাইল, রাশেদ ও তাদের সহযোগীরা তাকে ছুরিকাঘাত করেছে।
সূত্র আরো জানায়, হত্যাকারীরা আরিফের ঘনিষ্ট বন্ধু এবং তাদের বাড়িও ভোলা জেলায়।
সূত্র মতে, সোমবার রাতে ঈসমাইল আরিফকে দোকান থেকে ডেকে নিয়ে যায় এবং রাত প্রায় সাড়ে ১২ টার দিকে আফতাবনগর হাউজিং প্রকল্প এলাকায় নিয়ে তাকে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় আরিফকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হত্যার কারণ সম্পর্কে জানা যায়নি।
এ ব্যাপারে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে কেউ গ্রেপ্তার হয়নি।
এেিদকে, আশি বছরেরও বেশি বয়সের এক বৃদ্ধা মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে মিরপুর মাজার রোডে দ্রুতগামী পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন।
নিহত বৃদ্ধার লাশ ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
