২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ক্যাব চালককে জবাই করে খুন, গ্রেপ্তার ১

গাজীপুরে সোমবার ছিনতাইকারীদের হাতে জবাই হলো ট্যাক্সি চালক আনিসুর রহমান নয়ন (২৫)। এসময় সুমন (২৫) নামের এক ছিনতাইকারীকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 05:23 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার বিকেলে চারজন যাত্রী গ্রিন ক্যাবের একটি ট্যাক্সি (ঢাকা মেট্রো প - ১১ - ৫৫২৪) ভাড়া করে গাজীপুরের বিভিন্ন এলাকা ঘুরে বেড়ায়। এর পর রাত ৮টার দিকে ক্যাব নিয়ে কুমারখাদা এলাকার জঙ্গলে গিয়ে ছিনতাইকারীরা চালক নয়নকে জবাই করে। এ সময় নয়নের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তিন ছিনতাইকারী জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। জনতা সুমন নামের এক ছিনতাইকারীকে ধরে ফেলে। গলায় আঘাতপ্রাপ্ত অবস্থায় ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়।

নিহত নয়ন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার সফিরউদ্দিনের ছেলে।

এদিকে আটক ছিনতাইকারী সুমনকে পুলিশে সোপর্দ করা হলে সে জানায়, চালককে হত্যা করে ক্যাব ছিনতাই করাই তাদের উদ্দেশ্য ছিল।

এ ব্যাপারে গ্রিন ক্যাবের মালিক মনোয়ার হোসেন খোকন বাদি হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন।

এর আগে গত ২৮ এপ্রিল রাতে গাজীপুর শহরের যোগীতলা এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে ক্যাব চালক নূর মোহাম্মদ নিহত হয়।