২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়তে সাহায্য করবে নতুন ধরনের মশা

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে নতুন এক ধরনের মশার সন্ধান পাওয়া গেছে যা প্রকৃতিগতভাবেই ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়তে সক্ষম এবং যা ম্যালেরিয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 02:14 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

মার্কিন তিনটি গবেষণা প্রতিষ্ঠান ও পশ্চিম আফ্রিকার বামাকো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সায়েন্স ম্যাগাজিনে প্রকাশিত তাদের প্রতিবেদনে জানিয়েছেন, তারা এই নতুন ধরনের মশার এমন একটি বৈশিষ্ট্য খুঁজে পেয়েছেন যা তাদেরকে জানতে সাহায্য করবে মশাটি ম্যালেরিয়া জীবাণুর বিরুদ্ধে লড়তে কতখানি কার্যকর ।

গবেষক দল খুঁজে পেয়েছেন যে, এই জাতীয় এনোফিলিস মশা-ম্যালেরিয়ার জীবাণু ‘প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম’ প্রতিরোধে সক্ষম। উল্লেখ্য স্ত্রী জাতীয় এনোফিলিস মশা আফ্রিকায় সবচেয়ে বেশি ম্যালেরিয়া রোগ ছড়ায়।

ম্যালেরিয়া মূলত একটি সংক্রামক রোগ যা স্ত্রী মশার কামড়ে অন্যের দেহে সংক্রামিত হতে পারে। প্রতি বছর পৃথিবীতে ৩০ কোটি লোক ম্যালেরিয়ায় আক্রান্ত হয় এবং দশ থেকে ১৫ লক্ষ মানুষ মারা যায়।

বর্তমানে আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোতেই ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেশি লক্ষ্য করা যায়। বিগত বছরগুলোতে ম্যালেরিয়া রোগের বিভিন্ন প্রতিষেধক আবিষ্কার হলেও এসব মহাদেশে ম্যালেরিয়া দূরীকরণে উল্লেখযোগ্য কোন অগ্রগতি হয়নি।