বাগেরহাটে বাসের চাপায় নিহত ৩
বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভ্যানরিক্সা চালকসহ তিন ব্যাক্তি নিহত হয়েছে। রোববার বিকালে বাগেরহাট-পিরোজপুর সড়কের গোয়ালমাঠস্থ মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজের সামনে বাগেরহাটগামী একটি বাস একটি ভ্যানরিক্সাকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, গণপূর্ত বিভাগের (পিডাব্লিউডি) ওয়ার্ক এসিস্টেন্ট নজরুল ইসলাম (৫৫), রাজমিস্ত্রী মুজিবর রহমান হাওলাদার (৫৭) এবং ভ্যানরিক্সা চালক সোহাগ জমাদ্দার (২৭)। নজরুল ও মুজিবরের বাড়ি বাগেরহাট শহরের হরিণখানা এলাকায়। ভ্যানচালক সোহাগের বাড়ি মোরেলগঞ্জ উপজেলার সাগরকাঠি গ্রামে। নিহত সোহাগের চাচা সরোয়ার জমাদ্দার এই ঘটনায় কচুয়া থানায় মামলা করেছেন।
প্রতক্ষদর্শী ও পুলিশ জানায়, সোহাগ ঘটনাস্থলে এবং নজরুল বাগেরহাট সদর হাসপাতালে আনার পথে মারা যায়। মুজিবরকে গুরুতর আহত অবস্থায় খুলনায় পাঠানো হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
বাগেরহাট গণপূর্ত বিভাগের অফিস সূত্রে জানা গেছে, নিহত নজরুল সকালে দাপ্তরিক কাজে মোরেলগঞ্জ গিয়েছিলেন।
