অস্ত্র বহন মামলায় ১ জনের যাবজ্জীবন
পবিত্র ধর্মগ্রন্থ মেশকাত শরীফের পৃষ্ঠা কেটে অস্ত্র ও পিস্তল বহনের দায়ে ঢাকার একটি আদালত এক ব্যক্তির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদ-ের রায় ঘোষণা করেছেন।
ঢাকার চতুর্থ মহানগর বিশেষ ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম রোববার এই রায় ঘোষণা করেন।
দ-প্রাপ্তের নাম মাইনুর রেজা খসরু (২৮)। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামে।
মামলার বিবরণে জানা যায়, মিরপুর দারুস সালাম রোডে পুলিশ বক্সের সামনে দিয়ে ২০০৪ সালের ১৫ অক্টোবর বিকেল ৪টা ২৫ মিনিটে খসরু চারটি পৃষ্ঠা কাটা বইয়ের মধ্যে দুটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তল ও কয়েক রাউন্ড গুলিসহ হেটে আসতে থাকে।এসময় ডিবি পুলিশের ইনস্পেক্টর নজরুল ইসলাম তাকে থামতে বলেন।
কিন্তু সে না থেমে দৌঁড়াতে শুরু করে। পরে পুলিশ তাকে ধরে ফেলতে সক্ষম হয়।
পরে এ ব্যপারে মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
তদন্তকালে মাইনুর স্বীকার করে যে, সে পুরানো ঢাকার আওয়ালের কাছে বিক্রির উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে অস্ত্রগুলো নিয়ে আসে।
এপিপি শহীদুল ইসলাম রাষ্ট্রপক্ষে এবং আসামী পক্ষে অ্যাডভোকেট ফারুক আহমেদ মামলা পরিচালনা করেন।
