মাধবখালীতে আলতাফ চৌধুরীর ভাই এর ক্যাডারদের তাণ্ডব
পটুয়াখালি জেলার মীর্জাগঞ্জ উপজেলার মাধবখালীতে শুক্রবার গভীর রাতে দপ্তর বিহীন মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর ছোট ভাই বাবুল চৌধুরীর নেতৃত্বে তার ক্যাডার বাহিনীর তা-ব চালিয়েছে।
আসামী গ্রেপ্তারের নামে থানা পুলিশের সহযোগিতায় শুক্রবার গভীর রাত পর্যন্ত মাধবখালী এলাকায় ওই তা-ব চালানো হয়। ঘটনার সময় পুলিশের উপস্থিতিতে বাবুল চৌধুরী এলাকার আওয়ামী লীগ নেতা - কর্মীদের বাড়ি বাড়ি হানা দিয়ে তাদের না পেয়ে বাড়ির মহিলাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার আলতাফ হোসেন চৌধুরীর ছোট ভাই শাহীন চৌধুরী মীর্জাগঞ্জ থানায় ১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা করার পর মীর্জাগঞ্জ থানার বহুল আলোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিশেষ অভিযানের নামে এলাকার আওয়ামী লীগ নেতা - কর্মীদের বাড়িতে বাড়িতে হানা দিতে থাকে। এসময় আলতাফ চৌধুরীর অপর ছোট ভাই বাবুল চৌধুরীর নেতৃত্বে তার ক্যাডার বাহিনীও পুলিশের সাথে অভিযানে যোগ দেয়। অনেকটা যৌথ বাহিনী আকারে তারা কাঁঠালতলীর আওয়ামী লীগ নেতা ফরিদ মাস্টার, প্রফেসর মালেক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোখলেছ কাজী ও জলফু কাজীসহ বেশ কয়েকজন নেতা - কর্মীর বাড়ি হানা দেয়।
আওয়ামী লীগ নেতা - কর্মীদের বাড়িতে না পেয়ে বাবুল চৌধুরী পুলিশের উপস্থিতিতে বাড়ির মহিলাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার গভীর রাত পর্যন্ত পুলিশের সাথে বাবুল চৌধুরীকে নিউমার্কেট, মুন্সির হাট, চৌতা, বিসমিল্লাহ বাজার ও শিশুর হাট এলাকায় অভিযান চালাতে দেখা গেছে।
ঘটনার পর থেকে মীর্জাগঞ্জ উপজেলার আওয়ামী লীগ নেতা - কর্মী ও সমর্থকরা পুনরায় হামলার আশংকায় পালিয়ে বেড়াচ্ছে বলে জানা গেছে।
অভিযানের বিষয়ে ওসি শাহ আলমের কাছে জানতে চাওয়া হলে, তিনি শুক্রবার রাতে মাধবখালীতে অভিযান চালানোর সত্যতা স্বীকার করে বলেন, এটি ছিলো আমাদের রুটিন অভিযান। কিন্তু অভিযানের সময় আমার সাথে চৌধুরী পরিবারের কোনো সদস্য ছিলেন না।
