সাদেকীর জামিন আবেদন নামঞ্জুর
মার্কিন যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক সান্দ্রা এল টাউনিস শুক্রবার বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক এহসানুল হক সাদেকী ও পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক সৈয়দ হারিস আহমেদের মুচলেকার বিনিময়ে জামিন আবেদন নামঞ্জুর করেছেন।
যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল ম্যাজিস্ট্রেট এর আগে মুচলেকার বিনিময়ে সাদেকীর পক্ষে জামিনের নির্দেশ দেওয়ায় সরকার সাদেকীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা সম্পর্কে আরো তথ্য প্রকাশ করতে বাধ্য হয়েছে।
ফেডারেল কৌসুলি শুক্রবার আদালতকে জানান, আটলান্টার দুই অধিবাসী সাদেকী (১৯) ও হারিস (২১) ওয়াশিংটন ডিসির অপর তিনটি স্থানে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের তৎপরতার অংশ ছিলেন। তারা দেশের বাইরে ভাইদের কাছে টেপ পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন।
আইন প্রয়োগকারী সংস্থার কাছে মিথ্যাচারের অভিযোগে অভিযুক্ত সাদেকী। তার বিরুদ্ধে অভিযোগ, সে কানাডায় হারিস আহমেদের সাথে সাক্ষাৎ করেছে। তারা দু’জনে টরেন্টোতে একই মূল্যবোধে বিশ্বাসী কয়েকজনের সাথে সাক্ষাৎ করে। সম্ভাব্য সন্ত্রাসী হামলার জন্যে তারা স্থান বাছাই করছিল বলে তাদের দু’জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
জর্জিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্টের এটর্নির কার্যালয় সাদেকীর বিরুদ্ধে আরো অভিযোগ আনার বিষয়টি বিবেচনা করছে বলে মার্কিন এটর্নি কলিন কাভানাঘ জানিয়েছেন।
গত সপ্তাহে সাদেকীকে বাংলাদেশের রাজধানী ঢাকার বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। হারিসকে গ্রেপ্তার করা হয় ২০০৬ সালের ২৩ মার্চ।
