২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউসহ নতুন ৭টি ইউনিটের উদ্বোধন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন শনিবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউসহ সাতটি নতুন ইউনিটের উদ্বোধন এবং আরো দুটি ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপণ করেছেন। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2006, 07:10 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

নতুন ইউনিটগুলো হল- ক্যাজুয়ালিটি, আইসিইউ, ক্যাথ ল্যাব, এমআরআই এন্ড সিটি স্ক্যান, ইউরোলজি, আধুনিক মর্গ এবং ডেন্টাল ইউনিট।

উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, সাংসদ আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

পরে তিনি বাংলাদেশে মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অভিষেক অনুষ্ঠানে তিনি বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার আধুনিক সুযোগ সুবিধা গড়ে তোলা হচ্ছে। সরকার বর্তমান মেয়াদে প্রায় ১২২ কোটি টাকার উন্নয়ন কাজ এ হাসপাতালে করেছে।

ড. মোশাররফ বলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজে চিকিৎসার অত্যাধুনিক সুযোগ সুবিধা গড়ে তোলার লক্ষ্যে ক্যাজুয়েলটি ওয়ার্ড, ক্যাথল্যাব, সিটি স্ক্যান মেশিন, এনজিও গ্রাম মেশিন, এমআরআই মেশিন, আধুনিক ডেন্টাল ইউনিট স্থাপন এবং ইউরোলজি বিভাগ স্থাপন করা হয়েছে। এ ছাড়াও মেডিকেল কলেজে একটি ইন্টার্নি মহিলা ডক্টরস হোস্টেল, ছাত্রী হোস্টেল ও আধুনিক মর্গ স্থাপন করা হয়েছে।

তিনি বলেন চট্টগ্রামের অন্যান্য হাসাপাতালেরও ব্যাপক উন্নয়ন করা হচ্ছে। বর্তমান মেয়াদে এ জেলায় স্বাস্থ্য খাতে সর্বমোট ১৮০ কোটি টাকার উন্নয়ন কাজ করা হচ্ছে। চট্টগ্রাম বন্দরে ৫০ শয্যার একটি নতুন হাসপাতাল স্থাপন করা হচ্ছে। চট্টগ্রাম শহরে একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল স্থাপনের পরিকল্পনাও সরকার নিয়েছে।

চট্টগ্রাম বিএমএ’র সভাপতি ডা. গোলাম মর্তুজা হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, সংসদ সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, শাহজাহান চৌধুরী, নূর-ই-আরা চৌধুরী, বিএমএ’র সভাপতি অধ্যাপক এম এ হাদী, মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং চট্টগ্রাম বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. খুরশীদ জামিল চৌধুরী।