রাজবাড়ীতে হুজুরে কেবলাকে দেখতে পদপিষ্ট হয়ে নিহত ১, আহত ২১
রাজবাড়ীর আঞ্জুমান - ই - কাদেরীয়ার বড় মসজিদে শনিবার সকালে পশ্চিমবঙ্গের হুজুরে কেবলাকে দেখতে লোকজন হুমড়ি খেয়ে পড়লে ভীড়ের চাপে পদপিষ্ট হয়ে একজন নিহত ও তিনজন মহিলাসহ ২১ জন আহত হয়।
নিহতর নাম শামসুল ইসলাম (৩৫)। তার বাড়ি জেলার সদর থানার নিমতলা গ্রামে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিমবঙ্গের মেদিনীপুরের ওই হুজুরকে একনজর দেখার জন্যে সকাল ১১ টার দিকে হাজার হাজার জনতা মসজিদটিতে ভীড় করে। জনতা মসজিদের গেট দিয়ে একসঙ্গে প্রবেশ করার জন্যে হুড়োহুড়ি শুরু করলে দুঃখজনক এ ঘটনা ঘটে।
পশ্চিমবঙ্গের মেদিনীপুরের ওই হুজুরের নাম সাইয়্যাদানা সাইয়্যাদ শাহ রাশিদ আলী - আল - কাদরী - আল - হাসাইনি ওয়াল হুশয়নি।
হুজুরে কেবলার আগমন উপলক্ষে রাজবাড়ী ও তার আশেপাশের জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মুরীদ ও ভক্ত গত দুদিন থেকে রাজবাড়ীতে অবস্থান করছে।
