২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ের স্মৃতি এখনো স্ট্যাকপোলকে তাড়িয়ে বেড়ায়

বাংলাদেশ সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক অপারেশন সী অ্যাঞ্জেল কমান্ডার লে. জেনারেল হেনরি সি স্ট্যাকপোল শুক্রবার প্রাকৃতিক দুর্যোগপরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত প্রয়াসের পাশাপাশি উন্নত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2006, 05:29 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

চট্টগ্রামের ঘূর্ণিঝড়প্রবণ উপকূলীয় উপজেলা বাঁশখালী পরিদর্শন শেষে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে স্ট্যাকপোল বলেন, এবার বাংলাদেশের উপকূলীয় এলাকার লোকজনের মধ্যে আমি আমূল পরিবর্তন দেখতে পেয়েছি। ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পরের অবস্থার চেয়ে তারা এখন অনেক বেশি সতর্ক ও সাহসী।

বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ত্রাণ বাহিনী অপারেশন সী অ্যাঞ্জেল উপদ্রুত এলাকায় ব্যাপক মানবিক সহায়তা কার্যক্রম চালিয়েছিল। আর বাংলাদেশে তখন ত্রাণ তৎপরতায় মার্কিন বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন লে. জেনারেল স্ট্যাকপোল স্বয়ং। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ পূর্ব ও পরবর্তী পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বাড়াতে তার সরকার বাংলাদেশকে সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে।

বাংলাদেশে ঘূর্ণিঝড় আঘাত হানার ১৫তম বার্ষিকীতে স্ট্যাকপোল পাঁচদিনের সফরে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে এটি তার দ্বিতীয় সফর। সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে তিনি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মাত্রার বর্ণনা দেন।

ঘূর্ণিঝড়পরবর্তী পরিস্থিতি স্মরণ করতে গিয়ে তিনি বলেন, এমন ভয়াবহ ও ধ্বংসাত্মক পরিস্থিতি আমি কখনো দেখিনি।

স্ট্যাকপোল ও বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিশিয়া বুটেনিস বৃহস্পতিবার বাঁশখালী উপজেলার খানকানাবাদ ইউনিয়নের ডংরা গ্রাম পরিদর্শন করেন। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে সেখানে স্থাপিত স্মৃতিসৌধে তারা পুষ্পস্তবক অর্পণ করেন।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে স্ট্যাকপোল বলেন, বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচনের ওপর সারা পৃথিবী নজর রাখছে। সকল দিক থেকে এ নির্বাচন অধিক গুরুত্বপূর্ণ। এ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার জন্য বাংলাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক এটা অন্যান্যদের মতোই আমেরিকা চায় বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ১ লাখ ৩৯ হাজার মানুষ ও এক লাখ গবাদি পশু মারা যায়। এছাড়া আরো ৫০ লাখ লোক গৃহহীন হয়।