২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদম পাচার থেকে কোনো দেশই মুক্ত নয়: জাতিসংঘ প্রতিবেদন

আদম পাচার একটি আন্তর্জাতিক সমস্যা। কোনো দেশই তা সে উন্নত অথবা উন্নয়নশীল যাই হোক না কেন আদম পাচার থেকে মুক্ত নয়। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় (ইউএনডিওসি) থেকে প্রকাশিত নতুন এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2006, 06:34 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

ইউএনডিওসি’র নির্বাহী পরিচালক মারিয়া কস্টা সোমবার প্রতিবেদনটি প্রকাশকালে বলেন, সমস্যাটির পরিধি সম্পর্কে সরকারের আরো সতর্ক হওয়া প্রয়োজন। যাতে করে এটি নির্মূল করতে গিয়ে তারা আরো আন্তরিক হতে পারেন। আসল ঘটনা হচ্ছে আদম পাচারের মাধ্যমে এই একবিংশ শতাব্দিতে দাস প্রথা এখনো টিকে আছে। এটা আমাদের জন্য বড়ই লজ্জার বিষয়।

১২৩ পৃষ্ঠার প্রতিবেদনটিতে উল্লেখিত সূচকে বাংলাদেশকে উৎপত্তির দিক থেকে উচ্চ শ্রেণীতে এবং ট্রানজিট রুট হিসেবে নিু শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আদম পাচারের গন্তব্যস্থল হিসেবেও বাংলাদেশকে নিু শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এশিয়াকে উৎপত্তি অঞ্চল হিসেবে বিবেচনা করে প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার বিভিন্ন দেশ  থেকে আদম পাচারের শিকারদের থাইল্যান্ড, জাপান, ভারত, তাইওয়ান ও পাকিস্তানের মতো এশিয়ার বিশেষ কয়েকটি দেশে নিয়ে যাওয়া হয়।

উৎপত্তি দেশ হিসেবে চীন ও থাইল্যান্ডকে উল্লেখিত সূচকে বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, লাও পিডিআর, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন ও ভিয়েতনামের পাশাপাশি উচ্চ শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আদম পাচারের শিকারদের গন্তব্যস্থল হিসেবে এশিয়াকে বিবেচনায় এনে প্রতিবেদনে বলা হয়েছে, কমনওয়েলথভুক্ত স্বাধীন দেশগুলো থেকেই মূলত আদম পাচার হয়ে থাকে। এর পরপরই রয়েছে দক্ষিণপূর্ব এশিয়া।

প্রতিবেদনে দক্ষিণপূর্ব এশিয়াকে আদম পাচারের অতীব গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে ধরা হয়েছে। উৎপত্তিস্থল, ট্রানজিট ও গন্তব্যস্থল হিসেবে উল্লেখিত সূচকে থাইল্যান্ডকে খুবই উচ্চ হিসেবে ধরা হয়েছে। সূচকে উপরের দিকে স্থান করে নেওয়া দেশের মধ্যে রয়েছে জাপান (পূর্ব এশিয়া), ইসরাইল এবং তুরস্ক (পশ্চিম এশিয়া)।

ইউএনডিওসি’র প্রতিবেদন অনুযায়ী, প্রতি বছর পৃথিবীর ১২৭টি দেশ থেকে লাখ লাখ নারী, শিশু ও অল্প সংখ্যক পুরুষ অপহরণ অথবা অন্য কোনো ভাবে সংগ্রহ করে ট্রানজিট রুট ব্যবহার করে যৌন ব্যবসা অথবা জবরদস্তিমূলক কাজে নিয়োজিত করা জন্য ১৩৭টি দেশে পাচার করা হয়।

এ ব্যাপারে ইউএনডিওসি নির্বাহী পরিচালক কস্টা বলেন, এ ধরনের একটি আন্তর্জাতিক সমস্যা মোকাবিলা করার জন্য প্রয়োজন আন্তর্জাতিক উদ্যোগ।

তিনি বলেন, আদম পাচারের সংখ্যা দেশ ভেদে ভিন্ন হওয়ায় পৃথিবীতে আদম পাচারের শিকারদের সংখ্যা আসলে কত তা বলা খুব কঠিন। কিন্তু আদম পাচারের শিকারদের সংখ্যা মিলিয়নে গিয়ে পৌঁছেছে এটা বলা যায়।

বৈশ্বিক এ সমস্যার গভীরতা ও ব্যাপ্তি সম্পর্কে পর্যালোচনা করার জন্য জাতিসংঘ এই প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। ‘ট্রাফিকিং ইন পারসন্স: গ্লোবাল প্যাটার্নস’ শিরোনামের প্রতিবেদনে আদম পাচারের ধরন ও এটি মোকাবিলা করতে প্রচেষ্টা জোরদার করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ইউএনডিওসি’র মতে, নারীরা হচ্ছে আদম পাচারের নিয়মিত শিকার। এর পরপরই রয়েছে কিশোরী, কিশোর ও পুরুষরা।

প্রতিবেদন মতে, জবরদস্তিমূলক শ্রমে নিয়োজিত করার চেয়ে যৌন কাজে আদম পাচারের শিকারদের নিয়োজিত করার ঘটনাই সবচেয়ে বেশি। আর বালিকাদের মধ্যে এ হার সবচেয়ে বেশি।

সূচকে উৎপত্তি দেশ হিসেবে উপরের দিকে রয়েছে আলবেনিয়া, বেলারুস, বুলগেরিয়া, চীন, লিথুনিয়া, নাইজেরিয়া, মালডোভা, রোমানিয়া, রাশিয়া, থাইল্যান্ড ও ইউক্রেন। আর গন্তব্যস্থল হিসেবে সূচকে উপরের দিকে রয়েছে বেলজিয়াম, জার্মানি, গ্রিস, ইসরাইল, ইতালি, জাপান, নেদারল্যান্ড, থাইল্যান্ড, তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রের নাম।

ইউএনডিওসি বলেছে, এ সমস্যাটিকে মোকাবিলা করতে হলে আদম পাচারকে ঘিরে যে লাভজনক বাজার তৈরি হয়েছে তাকে ধ্বংস করতে হবে; সস্তা শ্রমের বাজারের বিষয়টি বিবেচনায় আনতে হবে; দারিদ্র বিমোচনে কাজ করতে হবে; নতুন নতুন সুযোগ সৃষ্টি করতে হবে; আদম পাচারের শিকার হয়ে যারা নিজেরাই নতুন একটি অপরাধ চক্র গড়ে তুলেছে তাদেরকে ফিরে আসার সুযোগ তৈরি করে দিতে হবে; এবং আদম পাচারের জন্য মধ্যস্থতাকারী হিসেবে এটিকে যারা একটি অপরাধ শিল্পে পরিণত করেছে তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে হবে।

কস্টা বলেন, আদম পাচার মোকাবিলা করতে এখন পর্যন্ত যে সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা অসমন্বিত ও অপর্যাপ্ত। কর্তৃপক্ষের পদ্ধতিগত রিপোর্টিংয়ের অভাবই প্রকৃত সমস্যা। সরকারের আরো কঠোর হওয়া প্রয়োজন।