২০০৮ সালের শেষ নাগাদ ভোলায় ১৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুত কেন্দ্র উৎপাদন শুরু করবে
পরিকল্পনা মাফিক কাজ এগোলে ২০০৮ সালের শেষ নাগাদ শাহবাজপুরের গ্যাস ব্যবহার করে ভোলায় ১৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুত কেন্দ্র উৎপাদন শুরু করতে পরবে।
তবে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ আবারো পিছিয়ে গেলে শাহবাজপুরের বিনিয়োগ নিয়ে বিপাকে পড়তে হবে বাপেক্সকে।
ভোলার দ্বীপাঞ্চল শাহবাজপুরে ১৯৯৫ সালে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিঃ (বাপেক্স) এই গ্যাস ফিল্ডটি আবিষ্কার করে। এতে মোট মজুদের পরিমাণ ৬৬৫ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)। তবে উত্তোলনযোগ্য মজুদের পরিমাণ ৪৬৬ বিসিএফ।
সম্প্রতি বাপেক্স প্রায় ৩৫ কোটি টাকার একটি প্রকল্পের আওতায় অনুসন্ধান কূপকে উৎপাদন কূপে রূপান্তর করেছে। নির্মাণ করেছে শাহবাজপুর--ভোলা ১০ ইঞ্চি ব্যাসের ৩২ কিলোমিটার পাইপ লাইন।
এই অর্থের ৬০ শতাংশ বাপেক্স সরকারের কাছ থেকে পেয়েছে ঋণ হিসাবে। নির্ধারিত সুদের হার চার শতাংশ।
আরো একটি কূপ খননের পরিকল্পনাও বাপেক্সের রয়েছে। এটি ২০০৭ সালে শেষ হবে বলে আশা করা যাচ্ছে।
অন্যদিকে এখানে প্রতিদিন ৪০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) ক্ষমতার একটি প্রসেস প্লান্ট স্থাপনের কাজ চলছে। বর্তমানে এই দরপত্রের কারিগরি মূল্যায়ন চলছে। বাপেক্স ম্যানেজমেন্ট আশা করছে এই বছরের শেষ নাগাদ প্রসেস প্লান্ট স্থাপনের জন্যে কার্যাদেশ দেওয়া সম্ভব হবে। তারপর এটি স্থাপন করতে ১২ থেকে ১৫ মাস সময় লাগবে।
এই হিসাবে ২০০৮ সালের মাঝামাঝি সময়ে শাহবাজপুর থেকে গ্যাস উৎপাদন শুরুর জন্যে বাপেক্স পুরো প্রস্তুত থাকবে। আর এ সময় দুটি কূপ থেকে ৪০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।
কাজ শেষে গ্যাসের বাজারের জন্যে বসে থাকতে হলে বাপেক্সকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।
কিন্তু এই উৎপাদন শুরু করা যাবে কিনা তা পুরোটাই নির্ভর করছে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এর উপর। আগের সরকার এখানে একটি ২০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুত কেন্দ্র স্থাপনের কাজ চূড়ান্ত করেছিল। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর তা বাতিল করে এখানে নতুন করে ১৫০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয়।
এই প্রকল্পের বর্তমান অগ্রগতি কি জানতে চাইলে পিডিবি চেয়ারম্যান এএনএম রিজওয়ান বিডিনিউজকে বলেন, এটির অর্থায়নের জন্যে আমরা ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) এর সাথে নেগোসিয়েশনের পর্যায়ে আছি। আশা করা যায় তিন মাসের মধ্যে এটির সফল সমাপ্তি হবে।
এরপর বিদ্যুত কেন্দ্রটি উৎপাদনে আসতে আরো ৩০ মাস সময় লাগবে।
সবকিছু ঠিকভাবে এগোলে ২০০৮ সালের শেষ নাগাদ এই বিদ্যুত কেন্দ্রটি উৎপাদনে আসতে পারে। এটি চালানোর জন্যে ৩৫ থেকে ৩৭ এমএমসিএফডি গ্যাস দরকার হবে।
শাহবাজপুর গ্যাস কখন উৎপাদনে যাবে এই প্রশ্নের জবাবে বাপেক্স ব্যবস্থাপনা পরিচালক এম জামালুদ্দীন বিডিনিউজকে বলেন, ২০০৮ সালে বিদ্যুত কেন্দ্র উৎপাদনে এলে আমরা খুশি। কেননা আমরা এর সামান্য সময় আগে উৎপাদনের জন্যে পুরো কাজ শেষ করতে পারবো।
