খুলনা-বাগেরহাট রুটে বিআরটিসির ৩টি বাস ভাংচুর, ৫জন আহত
খুলনায় পরিবহন ধর্মঘট চলাকালে বাস মিনিবাস মালিক সমিতির কর্মিরা খুলনা--বাগেরহাট রুটে মঙ্গলবার বিআরটিসির তিনটি বাস ভাংচুর করেছে। এতে চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় ৫জন যাত্রী আহত হয়। স্থানীয় সূত্র এ খবর জানায়।
এদিকে ভাংচুরের অভিযোগ অস্বীকার করেছে বাস মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ।
সকাল সাড়ে ৮টায় খুলনার শেষ সীমান্ত বাগেরহাটের কাটাখালি নামক স্থানে দুটি বাস (বগুড়া--ব--১১--০০৩২) ও (খুলনা মেট্রো--ব--১১--০০১৩) ভাংচুর করা হয়। বাস দুটি খুলনা থেকে বরিশালের দিকে যাচ্ছিল।
অপরদিকে গোপালগঞ্জ থেকে খুলনা অভিমুখে আসা একটি বাস (বরিশাল--ব--১১--০০২২) বাগেরহাটের সাইনবোর্ড এলাকার গোয়ালবাড়ীতে ভাংচুর করা হয়।
এঘটনার প্রতিবাদ এবং বিআরটিসি বাস সুষ্ঠুভাবে চলাচলের দাবি জানিয়ে মঙ্গলবার দুপুর ১টায় বিআরটিসির পক্ষ থেকে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করা হয়। বিআরটিসি বাস বন্ধের দাবিতে খুলনার বাস মিনিবাস মালিক সমিতি ৩মে থেকে অর্নিদিষ্টকালের জন্যে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে।
