সিরাজগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধার: গ্রেপ্তার ৬
সিরাজগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম এবং তার সঙ্গী বাবুলকে অপহরণের দুই দিন পর সোমবার ভোরে পুলিশ কাঁঠালবাড়ীয়া গ্রাম থেকে উদ্ধার করেছে। এসময় অপহরণকারী ছয়জনকেও পুলিশ গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, শনিবার রাতে তাড়াশ সদরের বিশিষ্ট ব্যবসায়ী ও তার সঙ্গীকে বাড়ি ফেরার পথে ৮/৯ জনের একটি সন্ত্রাসী দল অস্ত্রের মুখে অপহরণ করে। অপহরণকারীরা মোবাইলে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পুলিশের পরামর্শ মতে অপহৃত ব্যবসায়ীর আত্মীয়রা টাকা নিয়ে সোমবার ভোরে সাহেবগঞ্জ ব্রিজের নিচে যায়। অপহরণকারীরা টাকা নিতে এলে পুলিশ চারদিক থেকে তাদের ঘিরে ফেলে। এসময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে পুলিশও পাল্টা গুলি চালায়।
ঘটনাস্থল থেকে পুলিশ জেলহক নামের এক ব্যক্তিকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী কাঁঠালবাড়ীয়া গ্রামের ইসমাইলের বাড়ি থেকে অপহৃতদের উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে ইসমাইলের তিন ছেলে, স্ত্রী এবং ছেলের স্ত্রীকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়েছে।
