বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত
বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সোমবার ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকায় বিধ্বস্ত হলে ক্যাডেট পাইলট তানিউল ঘটনাস্থলেই নিহত হন।
বিমান বাহিনী সূত্র জানায়, সকাল ১১ টা ৪০ মিনিটের দিকে পাইলট বিমানটির নিয়ন্ত্রণ হারালে পিটি -- ৬ বিমানটি বিধ্বস্ত হয়।
এ বছরের জুনে পাইলট তানিউলের কমিশন পাওয়ার কথা ছিলো।
জানা গেছে, প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পাইলট তানিউলের বিমানটি যশোর বেজ থেকে উড্ডয়ন করে। সকাল ১১ টা ৩১ মিনিটে পাইলট রাডার সীমার বাইরে চলে যান। কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় সমস্ত যোগাযোগ। ১০ মিনিট পর কোটচাঁদপুর এলাকার উত্তর দিকে একটি খোলা মাঠে বিমানটি বিধ্বস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনা কবলিত বিমানটির সামনের অংশ কাদার ভেতর ঢুকে যায়।
ঝিনাইদহ দমকল বাহিনীর সদস্যরা পরে ককপিট কেটে তানিউলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে কোটচাঁদপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
বিমান বাহিনীর উদ্ধতন কর্মকর্তারা এখন কোটচাঁদপুরে দুর্ঘটনাস্থলে অবস্থান করছেন।
বিমান বাহিনী সূত্র জানায়, ওই দুর্ঘটনার কারণে অনুসন্ধানে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি।
সংশ্লিষ্টদের ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
