যশোরে সড়ক দুর্ঘটনায় সেনা কর্মকর্তা নিহত
যশোরে সড়ক দুর্ঘটনায় গালিব চৌধুরী (৩০) নামে এক সেনা কর্মকর্তা ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। যশোর--বেনাপোল সড়কের কীর্ত্তিপুর নামক স্থানে শনিবার রাত সাড়ে ১২টার দিকে গাছের সাথে গাড়ি ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
মেজর গালিব একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো--গ--১৫--১০৮৬) সাতক্ষীরা থেকে যশোর ফিরছিলেন।
ঝিকরগাছা থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যশোরের বাঘারপাড়া উপজেলার ছোট ক্ষুদড়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল আওয়াল চৌধুরীর পুত্র গালিব চৌধুরী শনিবার সাতক্ষীরায় তার বন্ধু রাশেদ আহমেদের বাড়ি যান। রাত সাড়ে ৯টার দিকে রাশেদ তার ড্রাইভার রায়হান কবীরকে ওই প্রাইভেট কারে গালিবকে যশোর পৌঁছে দিতে বলেন। পথিমধ্যে গালিব চৌধুরী প্রাইভেট কারটি নিজেই ড্রাইভ করছিলেন। যশোর--বেনাপোল সড়কের কীর্ত্তিপুর নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে একটি গাছে আঘাত করে। এতে মেজর গালিব ঘটনাস্থলে প্রাণ হারান। মারাত্মক আহত হন প্রাইভেট চালক রায়হান কবীর। রায়হানকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেজর গালিবকে যশোর সিএমএইচ--এ নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় ওয়ারেন্ট অফিসার আবু হোসেন রোববার সকালে ঝিকরগাছা থানায় একটি অভিযোগ (নং ২০) দায়ের করেছেন।
