ঝালকাঠির আদালতে বিচারক হত্যা মামলায় শায়খ রহমান, বাংলা ভাই, সানিসহ ৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন
ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে রোববার জেএমবি প্রধান শায়খ রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, ও সামরিক শাখা প্রধান আতাউর রহমান সানিসহ আট জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।
চার্জভূক্ত অন্যরা হলো, জেএমবি’র সূরা সদস্য আবদুল আউয়াল, সুইসাইড স্কোয়াডের সদস্য ইফতেখার হাসান আল মামুন, সুলতান হোসেন খান, খালেদ সাইফুল্লাহ ও আসাদুল ইসলাম আরিফ।
আগামী ২৬ এপ্রিল মামলার পরবর্তী শুনানীর তারিখ ধার্য করা হয়।
আদালতে আসামীদের হাজির করার পর অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমদ এবং পিপি এ্যাডভোকেট হায়দার হোসাইনের জিজ্ঞাসায় শায়খ রহমান, সানি, আউয়াল ও মামুন তাদের দোষ স্বীকার করে এবং বাংলা ভাই ও সুলতান হোসেন তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করে।
শায়খ রহমান আদালতে বলেন, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য তার নির্দেশেই ১৭ আগস্টের বোমা হামলা ও বিচারক হত্যা করা হয়েছে। যতদিন আল্লাহর আইন বাস্তবায়ন না হবে ততদিন বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের হত্যা করা হবে।
আতাউর রহমান সানিকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মেহেদী মাসুদুজ্জামানের কোর্টে হাজির করা হলে ১৭ আগস্টের বোমা হামলার দুইটি মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তা মঞ্জুর করে।
