টঙ্গীতে দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে র্যাব সদস্য খুন, আটক ১
গাজীপুর জেলার টঙ্গীতে শুক্রবার রাতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে র্যাব সদর দপ্তরের একজন কন্সটেবল নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়।
র্যাব ব্যাটালিয়ন- ১ এর কনস্টেবল নিহত দেলোয়ার হোসেন মোস্তফার (৩৫) (নম্বর -- ১৪৯৭০) পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাত ১০টার দিকে ৭/৮ জনের একটি দুর্বৃত্তদল দেলোয়ারের ছোটভাই সাদেকের ঘরে ঢুকে তাকে এবং তার স্ত্রী ও ছেলেকে বেঁধে ফেলে গয়নাগাটি নিয়ে নেয। তারা তাকে পাশের রুমে অবস্থানকারী র্যাব সদস্য দেলোয়ারকে ডেকে দিতে বলে। এতে সাদেক রাজি না হওয়ার দুর্বৃত্তরা তার বাবা লুলু মিয়াকে (৬৫) ডেকে তুলে। লুলু মিয়াকে দিয়ে দেলোয়ারকে ডাকাতে না পেরে তার হাতে কোপ দিয়ে জখম করে। লুলু মিয়া বাধ্য হয়ে দেলোয়ারকে ডাক দেন। দেলোয়ার দরজা খোলামাত্রই দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। দেলোয়ার এক পর্যায়ে বাড়ির উত্তর দিক দিয়ে দৌড়ে পালাতে গিয়ে পাশের গলিতে লুটিয়ে পড়েন। এসময় হামলাকারীরা নগদ টাকা ও বাসার মূল্যবান মালামালসহ মোট এক লাখ ৪৬ হাজার টাকার সম্পদ নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত দেলোয়ারকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
র্যাব শনিবার এ ঘটনায় সাতাইশ এলাকায় বসবাসকারী বরিশালের এক হত্যা মামলার আসামিকে আটক করেছে। তদন্তের স্বার্থে তার বিস্তারিত পরিচয় গোপন রাখা হয়েছে।
শনিবার সকালে র্যাবের উচ্চপদস্থ কর্মকর্তা ও গাজীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে শনিবার সকালে গাজীপুর হাসপাতালে দেলোয়ারের লাশের ময়নাতদন্ত শেষে র্যাব সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে নামাজে জানাজা শেষে দুপুরে তার লাশ বাড়িতে নিয়ে আসা হয়।
নিহত দেলোয়ার মেয়ে দোলন (৫) ও ছেলে আবিরের (৩) জনক। তিনি ১৯৯৪ সালে পুলিশ বিভাগে যোগ দেন।
