নড়াইলে বরযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে, নিখোঁজ ৩০
নড়াইলে শুক্রবার বর যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চিত্রা নদীর গভীরে তলিয়ে গেছে। এতে ৫০ জন যাত্রী ছিলো।
পুলিশ ও জেলা প্রশাসন সূত্র জানায়, দুর্ঘটনার পর বর দীপক বিশ্বাসসহ বাসটির ২০ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও, কণে লিপিসহ ৩০ জন নিখোঁজ রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া যাত্রীরা জানায়, বিকাল পাঁচটার দিকে নড়াইল সদর উপজেলার রুন্দিয়া গ্রামের বর দীপক গোপালগঞ্জের মানিকহার গ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে কনেসহ নিজ গ্রামে ফিরছিলেন। নড়াইল ফেরিঘাটে বরযাত্রীবাহী বাসটি ফেরিতে উঠার সময় ব্রেক ফেল করে চিত্রা নদীর গভীর পানির নীচে তলিয়ে যায়। দুর্ঘটনা কবলিত বাসের আঘাতে এ সময় ফেরিতে অবস্থান করা একটি সিগারেট কোম্পানীর টেম্পু ও ২ টি মোটর সাইকেলও নদীতে তলিয়ে যায়।
নিখোঁজদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
নড়াইল জেলা প্রশাসক মোঃ নুরুউদ্দিন আহম্মদ জানান, নিখোঁজ যাত্রীদের উদ্ধারে জোরপ্রচেষ্টা চালানো হচ্ছে। উদ্ধার কাজের জন্য খুলনা থেকে ডুবুরী আনা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের একজনকেও উদ্ধার করা সম্ভব হয়নি।
