পাইলট সঙ্কটে যে কোনো সময় বসে যেতে পারে বিমানের ফ্লাইট
পাইলট সঙ্কটের কারণে যে কোনো মূহুর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীবাহী ফ্লাইট বসে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিমান সূত্র জানায়, বিমানের পাইলটরা একে একে উচ্চ বেতনে বিদেশি এয়ারলাইন্সে যোগ দিচ্ছেন। অন্যদিকে বিমানে পাইলট নিয়োগও বন্ধ রয়েছে দু’বছর ধরে। এ অবস্থায় বিমানের পাইলটদের ওভারটাইম দিয়ে ও বিদেশ থেকে পাইলট ভাড়া করে এনে কোনো রকমে এখন ফ্লাইট শিডিউল ঠিক রাখা হয়েছে।
গত দু’বছরে উচ্চ বেতন--ভাতায় কেবল কাতার এয়ারওয়েজেই যোগ দিয়েছেন বিমানের ১৯ জন পাইলট। সূত্র জানায়, শিগগিরই এয়ারবাস উড়োজাহাজের আরও অন্তত ১৫ জন পাইলট একই এয়ারলাইন্সে এবং ডিসি -- ১০ উড়োজাহাজের চারজন পাইলট সৌদিয়ায় যোগ দিচ্ছেন।
২৬টি আন্তর্জাতিক এবং সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে বিমান ছয়টি ডিসি -- ১০, চারটি এয়ারবাস ও চারটি এফ ২৮ উড়োজাহাজ দিয়ে যাত্রী পরিবহন করে। সংস্থার মোট পাইলটের সংখ্যা এখন ১৪৫ জন।
এরপরেও বিমানে এখনো চাহিদার তুলনায় আরো প্রায় ৫০ জন পাইলট কম রয়েছে। সঙ্কট মোকাবেলায় বিমান কর্তৃপক্ষ অনেক বেশী বেতন -- ভাতায় ইন্দোনেশিয়া থেকে ডিসি -- ১০ এর জন্য পাঁচজন এবং এফ -- ২৮ এর জন দুজন বিদেশি পাইলট ভাড়া করে এনে কাজ চালাচ্ছে।
বিমান সূত্র মতে, বিমানের পাইলটরা দক্ষ ও অভিজ্ঞ হলেও অন্যান্য বিদেশি এয়ারলাাইন্সের তুলনায় তো বটেই, এমনকি দেশে যেসব বিদেশি পাইলট কাজ করছেন, তাদের তুলনায় অনেক কম বেতন -- ভাতা দেওয়া হয়। এই বৈষম্যই বিমানের পাইলটদের বিদেশি এয়ারলাইন্সে যোগ দিতে উৎসাহিত করছে।
খোঁজ নিয়ে জানা যায়, বিমানের অভ্যন্তরীণ রুটের এফ -- ২৮ উড়োজাহাজের ফার্স্ট অফিসারদের বেতন যেখানে মাত্র ৭০০ মার্কিন ডলার, সেখানে একই উড়োজাহাজের জন্য ইন্দোনেশীয় দুজন পাইলটকে অন্যান্য সুযোগ সুবিধা ছাড়াই শুধু বেতন দেওয়া হচ্ছে চার হাজার মার্কিন ডলার।
বিমানের আন্তর্জাতিক ফ্লাইট ডিসি -- ১০ এর দেশি পাইলটদের বেতন দেড় হাজার ডলার হলেও একই উড়োজাহাজের বিদেশি পাঁচজন পাইলটকে জনপ্রতি বেতন দেওয়া হচ্ছে আট হাজার ডলার।
এছাড়া বিমানের এয়ারবাসের একজন ফার্স্ট অফিসার বেতন পান মাত্র ৮০০ ডলার। অথচ কাতার এয়ারওয়েজের ফার্স্ট অফিসারের বেতন আট হাজার ৫০০ ডলার।
এমন বেতন বৈষম্যের শিকার হয়ে দুবছরে বিমানের ১৯ জন পাইলট চলে গেছেন কাতার এয়ারওয়েজে।
বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন’র (বাপা) একজন সিনিয়র নেতা বিডিনিউজকে জানান, তাদের হিসেবে বিমানে এখনো ৫০ জন পাইলট কম। প্রতিবছর ১০ জন করে পাইলট নিয়োগ করা হলে পদন্নোতি সহজ হবে; কমে আসবে সঙ্কট, তিনি মত প্রকাশ করেন।
তিনি আরো জানান, ভারতীয় পতাকাবাহী এয়ার ইন্ডিয়ার পাইলটরাও কয়েকবছর আগে উচ্চ বেতন প্রাপ্তির জন্য কাতার এয়ারে যোগ দেওয়া শুরু করে। সংস্থার স্বার্থে এয়ার ইন্ডিয়া কাতার এয়ারের সমান বেতন পুনর্নিধারণ করায় শেষ পর্যন্ত ভাঙন ঠেকানো সম্ভব হয়।
বিমানের একজন মুখপাত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিডিনিউজকে তিনি বলেন, বছর দুয়েক ধরে নিয়মিত পাইলট নিয়োগ না হওয়ায় বিমানে পাইলট সঙ্কট দেখা দিয়েছে। এ কারণে পাইলটদের ওভারটাইম দিয়ে ফ্লাইট শিডিউল ঠিক রাখতে হয়।
এ বিষয়ে ওয়াকিবহাল বিমানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বিডিনিউজকে বলেন, কাতার এয়ারের সমান বেতন বিমানের মতো একটি লোকসানী প্রতিষ্ঠানের পক্ষে দেওয়া কখনোই সম্ভব নয়। তবে কাতার এয়ার শুধু পাইলটদের উচ্চ বেতনই দিচ্ছে। তারা বিমানের মতো পাইলটদের অন্যান্য সুযোগ -- সুবিধা দিচ্ছে না।
