ডিসিসি এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে হাইকোর্টের রুল জারি
ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) অন্তর্ভূক্ত এলাকার সকল গ্রাহককে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না এ মর্মে কারণ দর্শাতে হাইকোর্ট মঙ্গলবার সরকারের ওপর রুল জারি করেছেন।
জনস্বার্থ মামলা হিসেবে আমিরুল ইসলামের (১২৫ লেক সার্কাস, কলাবাগান, ঢাকা) দায়েরকৃত রিট আবেদনের শুনানির পর বিচারপতি এমএ মতিন ও বিচারপতি এটিএম ফজলে কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন।
জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিদ্যুৎ বিতরন কর্তৃপক্ষের (ডেসা) চেয়ারম্যান ডেসা সদস্যবৃন্দ (প্রশাসন ও অর্থ), ডেসার সরবরাহ ও বিতরণ শাখার নির্বাহী প্রকৌশলীকে রুলে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনকারী আদালতকে জানান, বিঘিœত বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে ডেসা ঢাকা সিটি কর্পোরেশন এলাকার দেড় কোটি মানুষের জীবন দুর্বিষহ করে ফেলেছে।
তিনি বলেন, ডেসার কতিপয় দুর্নীতি পরায়ন কর্মকর্তা ও কর্মচারিরা সাধারণ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে অবৈধভাবে অর্থ উপার্জনের উদ্দেশে অবৈধ স্থাপনা সমূহ ও বড় বড় কলকারখানায় সেই সময়ে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। এটি সংবিধানের ২৭ নম্বর অনুচ্ছেদের উল্লেখিত মৌলিক অধিকারের পরিপন্থি।
রিট আবেদনকারীর কৌসুলি অ্যাডভোকেট এবিএম নুরুল অভিযোগ করে আদালতকে জানান, ডেসা কর্তৃপক্ষ বিভিন্ন দুর্নীতির কারণে ঢাকা শহরে বসবাসকারী বিদ্যুৎ গ্রাহকের বিনা নোটিশে এবং বিনা কারণে বিশেষ করে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখছে। যার ফলে চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীদের মতো ডিসিসি এলাকার পেশাজীবীদের কাজে বাধাবিঘেœর সৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, যেহেতু প্রায়ই সন্ধ্যা ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়, সে জন্যে বিভিন্ন অফিস ও কারখানার কর্মচারিদের জোর পূর্বক রাত ১১টার পরে কাজ করতে বাধ্য করা হয়। এটি সংবিধানের ৩৯ নম্বর মৌলিক অধিকারের পরিপন্থি।
অ্যাডভোকেট মীর মাহফুজুর রহমান, অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট নাসিমা আক্তার ও অ্যাডভোকেট আফিফা বেগমের সহায়তায় অ্যাডভোকেট এবিএম নুরুল ইসলাম আদালতে মামলা পরিচালনা করেন।
