২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা: সাবের চৌধুরীর বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ

বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 07:29 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামসুল হক মঙ্গলবার এক রিভিশন আবেদনের শুনানি শেষে এ নির্দেশ দেন।

আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরীকে এর আগে এ মামলায় ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত থেকে অব্যহতি দেওয়া হয়েছিলো। রাষ্ট্রপক্ষ ওই অব্যহতি আদেশের বিরুদ্ধে ঢাকার জেলা জজ আদালতে রিভিশন দায়ের করে।

মামলা সূত্রে জানা যায়, ২০০১ সালের ১৭ জুন তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী খালেদা জিয়া পিরোজপুরের মঠবাড়িয়াতে জনসভায় যাওয়ার পথে সাভারের যাদুর চর এলাকায় ঢাকা-- আরিচা মহাসড়কে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা-কর্মীদের বাধার মুখে পড়েন। লাঠিসোটা হাতে কর্মীরা গাড়ি বহরে ব্যারিকেড সৃষ্টি করে বলে মামলায় উল্লেখ করা হয়।

ওই ঘটনায় সাভারের বিএনপি নেতা কফিল উদ্দিন বাদী হয়ে পরের বছর ২০ আগস্ট অজ্ঞাতনামা ১৫০ আওয়ামী ও যুবলীগ নেতা-কর্মীকে আসামী করে, সাভার থানায় একটি মামলা দায়ের করে। সিআইডির সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম ২০০৪ সালের ১২ মার্চ সাবের হোসেন চৌধুরী সহ ৪৪ জনকে আসামী করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দেন।

পরে ঘটনার সময় সাবের হোসেন চৌধুরী ওমরাহ হজ পালনের জন্য সৌদী আরবে অবস্থান করছিলেন দাবী করে এবং এর স্বপক্ষে কাগজপত্র দেখিয়ে মামলা থেকে তার অব্যহতি চাওয়া হয়। এরপর গত বছরের ২০ এপ্রিল ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলার অভিযোগ থেকে সাবের হোসেন চৌধুরীকে অব্যহতি দিয়ে ৪৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। পরে রাষ্ট্রপক্ষ ওই অব্যহতি আদেশের বিরুদ্ধে ঢাকার জেলা জজ আদালতে রিভিশন দায়ের করে।