ফরিদপুরের নগরকান্দায় কিশোরের গলিত লাশ উদ্ধার
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা থেকে মঙ্গলবার সকালে এক কিশোরের গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
তার নাম আসাদুজ্জামান (১৬)। সে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামের মোবারক মোল্লার ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, আসাদুজ্জামান রিপন উপজেলার কৃষ্ণডাঙ্গি স্কুলের দশম শ্রেণীর ছাত্র। শুক্রবার দুপুর ২টার দিকে সে প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে গিয়ে আর ফিরে আসেনি। এসময় তার কাছে মোবাইল, সোনার চেইন ও কিছু নগদ টাকা ছিল। পুলিশ মঙ্গলবার সকালে একই ইউনিয়নের গজগাভোজের ডাঙ্গা গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করে।
মোবাইল ফোন, সোনার চেইনের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা ধারণা করছেন।
এ ব্যাপারে নিহতের ভাই নগরকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
