খসড়া কয়লা নীতি চূড়ান্ত: খনিমুখে বিদ্যুৎ কেন্দ্র বাধ্যতামূলক; আন্তর্জাতিক বাজারে দামের ভিত্তিতে রয়্যালটি
খনিমুখে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বাধ্যতামূলক এবং আন্তর্জাতিক বাজারে কয়লার দামের ভিত্তিতে রয়্যালিটি নির্ধারনের বিধান করে সোমবার জাতীয় কয়লা নীতির খসড়া চূড়ান্ত করা হয়েছে।
জ্বালানি বিভাগে অনু্িষ্ঠত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই খসড়া চূড়ান্ত করা হয়।
আগামী রোববার আইআইএফসি (ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন সেন্টার) কয়লা নীতির চূড়ান্ত খসড়া আনুষ্ঠানিকভাবে জ্বালানি বিভাগের কাছে হস্তান্তর করবে। এরপর চলতি মাসের মধ্যেই এটি অনুমোদনের জন্যে মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হবে বলে জানা গেছে।
খসড়া কয়লা নীতি অনুযায়ী উত্তোলনের জন্যে রয়্যালটির পরিমাণ দেশে ব্যবহারের ক্ষেত্রে বর্তমানে প্রচলিত ৫ ও ৬ শতাংশ থাকবে।
তবে রপ্তানির ক্ষেত্রে এই রয়্যালটি আন্তর্জাতিক বাজারে কয়লার দামের ওপর ভিত্তি করে নির্ধারন করা হবে। দাম প্রতি টন ২৫ মার্কিন ডলার হলে রয়্যালিটি ৫ বা ৬ শতাংশ হবে। কিন্তু এর বেশি হলে প্রতি আড়াই থেকে তিন ডলার দাম বৃদ্ধির জন্যে ১ শতাংশ করে রয়্যালটি বৃদ্ধি পাবে।
এই হিসাবে বর্তমান বাজারে প্রতি টন কয়লার দাম ৫০ ডলার ধরলে রয়্যালিটির পরিমাণ দাঁড়াবে ১৬ থেকে ১৭ শতাংশ।
কয়লা নীতি প্রণয়নকালে আয়োজিত সভায় দাতা সংস্থার পক্ষ থেকে স্থানীয় ব্যবহার এবং রপ্তানির জন্যে একই ধরনের রয়্যালটি নির্ধারনের সুপারিশ করা হয়েছিল। কেন তা গ্রহণ করা হলো না, এর জবাবে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, দেশেল অভ্যন্তরে কয়লার ব্যবহার উৎসাহিত করার জন্যেই এটি করা হয়েছে, যা দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তাও নিশ্চিত করবে।
খসড়া নীতি অনুযায়ী পরিবেশ, সামাজিক, স্বাস্থ্য সকল বিষয় নিশ্চিত করে সর্বোচ্চ কয়লা আহরণের কাজ করতে হবে। তবে খনির ধরন কী হবে, তা ভূ--প্রকৃতি এবং ভূতাত্ত্বিক অবস্থা ও আর্থ--সামাজিক বিষয় বিবেচনা করে নির্ধারন করা হবে। এ ক্ষেত্রে কয়লা আহরণের পদ্ধতি উন্মুক্ত এবং অভ্যন্তরীণ-- যে কোনোটি হতে পারে।
খসড়া নীতি অনুযায়ী কয়লা উত্তোলনে নিয়োজিত প্রতিষ্ঠানকে অবশ্যই খনিমুখে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হবে। আর কয়লা রপ্তানির জন্যে প্রথম ১০ বছর কোনো প্রতিষ্ঠান দেশে এক টন কয়লা ব্যবহার করলে বিদেশে দুই টন রপ্তানি করতে পারবে। আর ১০ বছর পর দেশে এক টন ব্যবহারের বদলে বিদেশে এক টন রপ্তানি করা যাবে।
কয়লা নীতিতে একটি কোল সেক্টর মাস্টার প্ল্যান করার কথা বলা হয়েছে। একই সাথে একটি কোল জোন স্টাডি করারও বিধান রাখা হয়েছে, যাতে করে কয়লার মজুদ আছে এমন কোনো জায়গায় বড় ধরনের কোনো অবকাঠামো নির্মাণ করা না হয়, যা অভিষ্যতে কয়লা আহরণে বাধা সৃষ্টি করবে।
কয়লা নীতি অনুযায়ী আগামীতে জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশের আবিষ্কার করা কোনো কয়লা ক্ষেত্র অন্যকে লিজ দিতে হলে তা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে করতে হবে। আর এর জন্যে জিএসবিকে ডিসকোভারি বোনাস দিতে হবে।
কয়লা নীতিতে অন্তর্ভুক্ত করার জন্যে প্রস্তাব ছিল-- বিদেশী কোম্পানিকে দেশীয় প্রতিষ্ঠানের সাথে কিংবা দেশীয় পাবলিক সেক্টর দেশীয় প্রাইভেট সেক্টরের সাথে যৌথ উদ্যোগে কয়লা আহরোনে কাজ করতে পারবে। কিন্তু খসড়া নীতিতে এই সুপারিশ গ্রহণ করা হয়নি।
কলয়া নীতির একজন বিশেষজ্ঞ নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজকে বলেন, এখানে মৌলিক বিষয় তিনটি-- এক. রয়্যালিটি নির্ধারন, দুই. রপ্তানির উপর শর্তারোপ এবং তিন. বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বাধ্যতামূলক করা। এই বিষয়গুলো শুরু থেকে একই রকম আছে। নীতি চূড়ান্ত করার জন্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে আরো কিছু সুপারিশ নেয়া হলেও তা গ্রহণ করা হয়নি। তিনি মনে করেন, এই নীতি কয়লা খাতে বিদেশী বিনিয়োগকারীদের হতাশ করবে।
এর বিরোধিতা করে পেট্রোবাংলার একজন পদস্থ কর্মকর্তা বিডিনিউজকে বলেন, কোনো সুপারিশ যদি দেশের স্বার্থ এবং জ্বালানি নিরাপত্তার বিপক্ষে হয়, তা গ্রহণ করার কোনো সুযোগ নেই। সম্প্রতি অস্ট্রেলিয়াও একই ধরনের রয়্যালটি নির্ধারন পদ্ধতি অনুসরণ করেছে বলে তিনি উল্লেখ করেন।
অবশ্য তিনি বলেন, কয়লা নীতির চূড়ান্ত খসড়া মন্দের ভালো। এর মধ্যে আগামীতে আরো ভালো এবং কল্যাণকর বিষয়গুলো যুক্ত করার সুযোগ থাকবে।
