২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হচ্ছে

ঐতিহাসিক মুজিবনগর দিবস সোমবার পালিত হচ্ছে। ১৯৭১ সালের এই দিনে সীমান্ত শহর মেহেরপুরের বৈদ্যনাথতলার আম বাগানে বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2006, 09:45 AM

Updated : 26 Apr 2022, 03:35 PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এ বৈদ্যনাথতলা পরবর্তীতে মুজিবনগর নামে পরিচিতি লাভ করে। সেখান থেকেই শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট এবং সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে ঘোষণা দেওয়া হয়।  

২৫ মার্চের কালো রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানী হানাদারদের হাতে বন্দি হলে সৈয়দ নজরুল ইসলাম বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে  অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সংগঠন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন সারাদেশে বিস্তারিত কর্মসূচি পালন করছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে -- বঙ্গবন্ধু ভবন ও কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সংগঠনের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ভবনে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন এবং ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা।

এছাড়া মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ, গার্ড অব অনার প্রদান এবং  স্মৃতিসৌধ প্রাঙ্গণে জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।