খুলনার হাজী মহসিন কলেজে কনসার্টে সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫
খুলনার খালিশপুরে হাজী মহসিন কলেজে কনসার্ট চলাকালে ধাওয়া--পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ইট পাটকেল নিক্ষেপে দুই পুলিশসহ ১৫ জন আহত হয়েছে। শনিবার রাত সোয়া ১১টায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, খালিশপুরস্থ বন্ধুর মোড় নামক একটি প্রতিষ্ঠানের উদ্যোগে কনসার্টের আয়োজন করা হয়। কনসার্ট সন্ধ্যা ৭টায় শুরু হয়। অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি সময় উত্তেজনার সৃষ্টি হয়।
এ সময় দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ইট পাটকেল নিক্ষেপে পুলিশ কনস্টেবল (নং--৪৬৩৯) জাহাঙ্গীর ও তারিকুল ইসলাম (নং--৪৮৫৪) আহত হয়। এছাড়া আগত দর্শকদের ১৩ জন আহত হয়। আহত দর্শকরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছে। খালিশপুর থানার দারোগা আকবর ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে আহত দর্শকদের নাম জানাতে পারেননি । এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
