২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী সার্কিট হাউজে সমঝোতা বৈঠক: কানসাট সমস্যার আপাত সমাধান, বিজয় আনন্দে ভাসছে কানসাট

সরকার চাঁপাইনবাবগঞ্জের কানসাট পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের সকল দাবি মেনে নেয়ায় পুলিশি হত্যাকা-, নির্যাতন ও জনতার বিক্ষোভে উত্তাল পরিস্থিতির আপাতত সমাধান হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2006, 08:21 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

এদিকে কানসাটের জনতা তাদের বিজয় সমাবেশে স্থানীয় এমপি শাহজাহান মিয়ার পদত্যাগ দাবি করে।

রাজশাহী সার্কিট হাউজে সরকার গঠিত কমিটি ও কানসাট পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দের মধ্যে টানা আড়াই ঘন্টা বৈঠকের পর রোববার বিকেলে উভয় পক্ষই সাংবাদিকদের কাছে সমঝোতার বিষয়টি প্রকাশ করেন। 

বৈঠক শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনু বলেন, বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের সকল দাবি মেনে নেয়া হয়েছে। আজ থেকে কানসাটে আর কোনো সমস্যা থাকবে না। তিনি আরো বলেন, সমঝোতা বৈঠকে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা শতভাগ পূরণ করা হবে।

এসময় পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতা গোলাম রব্বানী বলেন, সরকার গঠিত সমঝোতা কমিটি তাদের সকল দাবি মেনে নিয়েছে। এর মাধ্যমে জনগণের বিজয় হয়েছে।

এসময় তিনি সকল আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।  

বৈঠকে উভয়পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। স্মারকে স্বাক্ষর করে সরকার পক্ষে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের পক্ষে গোলাম রব্বানী। 

বৈঠকে এত দিনের আন্দোলনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়। এ অনুযায়ী সরকার আন্দোলনকালে নিহতদের পরিবারকে দুই লাখ টাকা, আহত ১০জনকে ৫০ হাজার টাকা, চোখে আঘাতপ্রাপ্ত একজনকে এক লাখ টাকা, একশ জনকে ২৫ হাজার টাকা এবং আহত আরো ছয়শ জনকে তিনহাজার টাকা করে ক্ষতিপূরণ হিসেবে দেবে।

আন্দোলনে নিহতদের স্মরণে স্মৃতিফলক নির্মাণ, মামলা প্রত্যাহার, ৪ জানুয়ারি অথবা ২৩ জানুয়ারি দোয়া দিবস হিসেবে পালন, সকল প্রকার হরতাল অবরোধ প্রত্যাহারসহ বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম কমিটির সকল দাবি উল্লেখ করে সমঝোতা স্মারকে লিপিবদ্ধ করা হয়।

সমঝোতা বৈঠকে সরকার পক্ষে উপস্থিত ছিলেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর, মেয়র মিজানুর রহমান মিনু এমপি, ভূমি উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু ও চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের বিএনপি সাংসদ মঞ্জুর হোসেন। পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম কমিটির পক্ষে ছিলেন আহ্বায়ক গোলাম রব্বানী, পাঁচজন আইনজীবীসহ আন্দোলনের ২৭ জন নেতা। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে কমিশনার মোসলেম উদ্দিন, ডিআইজি ড. বাহালুল আলম, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার। সকাল সাড়ে ৮টায় এ বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও বৈঠক শুরু হয় বেলা সাড়ে ১২টায়। 

এদিকে কানসাট রাজবাড়ী মাঠে বিশাল বিজয় সমাবেশে নারী, শিশু, বৃদ্ধসহ সকলেই আনন্দ মিছিল নিয়ে যোগ দেন। জনতা তাদের উল্লাস প্রকাশকালে স্থানীয় সাংসদ শাহাজাহান মিয়ার পদত্যাগ দাবি করে।

গোটা এলাকায় এখন বিরাজ করছে বিজয়ের আনন্দ। রাজবাড়ী মাঠের সমাবেশে গোলাম রব্বানী কানসাটবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন। অবশ্য সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি সেখানে পৌঁছান নি।